আফ্রিদিদের তুলাধোনা
‘মেয়েরা হারিয়ে দিল ছেলেদের’—পাকিস্তানের দ্য নেশন পত্রিকার শিরোনাম। টি-টোয়েন্টি বিশ্বকাপে একই দিনে পাকিস্তান নারী দলের জয় ও ছেলেদের দলের হারটাকে মাথায় রেখে শিরোনামটা করা। পরশু ভারতের কাছে আবারও শহীদ আফ্রিদিদের অসহায় আত্মসমর্পণ তাতিয়ে দিয়েছে দেশটির সমর্থকদের। পাকিস্তানের এই হারের পর সংবাদমাধ্যমে যেভাবে তুলাধোনা চলছে আফ্রিদিদের, সে তুলনায় অবশ্য এই শিরোনামটাকে অনেক হালকা লাগছে।
পরশুর ম্যাচে পাকিস্তানের দল নির্বাচন ও ব্যাটিং অর্ডার ঠিক করতে গিয়ে ভুল সিদ্ধান্তই হারের কারণ হিসেবে দেখছেন অনেকে। পাকিস্তানি দৈনিক দ্য এক্সপ্রেস ট্রিবিউন তো আফ্রিদি আর ওয়াকার ইউনিসের ক্রিকেটজ্ঞান নিয়েই প্রশ্ন তুলেছে, ‘ইডেন গার্ডেনের ঘূর্ণি পিচে তারা দলের একমাত্র মানসম্পন্ন স্পিনার ইমাদ ওয়াসিমকে বসিয়ে রাখল। যে পিচে এভাবে বল ঘুরছে, সেখানে চারজন পেসার খেলাল। কোচ ও অধিনায়ক দুজনের একজনও কি উইকেটের আচরণ বোঝার ক্ষমতা রাখেন?’ ইয়াহু স্পোর্টস।
শুধু অধিনায়ক কিংবা কোচের ‘বন্দনা’তেই থামেনি পত্রিকাটি, ধুয়ে দিয়েছে ব্যাটসম্যানদেরও, ‘দলের টপ অর্ডার খুব খারাপ খেলেছে। কীভাবে খেলতে হবে সে ব্যাপারে কোনো ধারণাই ছিল না তাদের।’