আফ্রিদিদের ‘শত্রুর সঙ্গে বসবাস’
ভারতের মাটিতে ক্রিকেট খেলাটা পাকিস্তানিদের জন্য ‘শত্রুর সঙ্গে বসবাস’ই। মোহালির ‘আগুন’ মহারণের আগে মাঠে ও মাঠের বাইরে চরম বৈরী পরিবেশের মধ্য দিয়ে যেতে হচ্ছে পাকিস্তান দলকে। ব্যাপারটি স্বীকার করেছেন অধিনায়ক আফ্রিদি নিজেই। নিজ দেশের একটি টেলিভিশন চ্যানেলের কাছে দেওয়া সাক্ষাত্কারে আফ্রিদির ধৈর্যের বাঁধ যেন ভগ্নপ্রায়। তিনি কাতর স্বরেই বলেছেন, ‘ভারতে আসার পর যে ব্যাপারটি আমাদের চরম পীড়া দিচ্ছে, সেটি হলো মাত্রাতিরিক্ত খারাপ প্রচারণা।’‘ভারতীয়দের আতিথেয়তা নিয়ে কোনো অভিযোগ নেই। সময়টা দারুণই কাটছে আমাদের। কিন্তু মনটা খারাপ হয়ে যায়, যখন টেলিভিশন দেখি বা পত্র-পত্রিকা পড়ি। সেখানে মাত্রাতিরিক্ত পাকিস্তানবিরোধী প্রচারণা। যেন আমরা খেলতে আসিনি, যুদ্ধ করতে এসেছি।’ আফ্রিদির অনুযোগ।আফ্রিদির মতে, ‘চমত্কার পারফরম্যান্স দিয়ে ভারতকে হারানোই এই প্রচারণার বিরুদ্ধে জবাব দেওয়ার মোক্ষম অস্ত্র। আমরা মোহালিতে ১১০ শতাংশ পারফরম্যান্স দিতে চেষ্টা করব।’শোয়েব আকতারের খেলা না-খেলা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। এ সম্পর্কে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলেই জানালেন আফ্রিদি। শোয়েব সম্পর্কে তাঁর অভিমত হচ্ছে, ‘শোয়েবকে ভারতের বিপক্ষে খেলাতে পারলে আমরা খুশিই হব। কারণ, সে একজন অভিজ্ঞ খেলোয়াড়। শোয়েব দলে থাকলে ভারতের বিপক্ষে আমরা মানসিক শক্তিও পাব। কিন্তু, এমন কাউকে আমরা খেলাতে চাই না যে পাঁচ-ছয় ওভারের বেশি বল করতে পারবে না।’ শোয়েব সম্পর্কে একটা সিদ্ধান্তই কি দিয়ে দিলেন না আফ্রিদি!শচীন টেন্ডুলকারকে শততম আন্তর্জাতিক সেঞ্চুরির জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন আফ্রিদি। এ ব্যাপারে তাঁর ব্যাখ্যা, ‘টেন্ডুলকার একজন মহান খেলোয়াড়। আর এ দুর্দান্ত খেলোয়াড়টি যেন আমাদের বিপক্ষে জ্বলে উঠতে না পারে, আমাদের লক্ষ্য তেমন থাকাটাই স্বাভাবিক। এটা নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই।’ ডেইলি টাইমস।