আফ্রিদিময় ম্যাচে সিরিজে সমতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইকেট কঠিন, তার চেয়েও কঠিন পরিস্থিতি। এমন সময়ে নেমে দুরন্ত এক ইনিংস, ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে গুরুত্বপূর্ণ ২ উইকেট, দারুণ এক ক্যাচ নিয়ে ম্যাচের সমাপ্তি—৫০তম ম্যাচটার চিত্রনাট্য যেন নিজের হাতে লিখেছিলেন শহীদ আফ্রিদি। দুই দলের মাঝে একাই ব্যবধান গড়ে দিলেন সাবেক পাকিস্তান অধিনায়ক। প্রথম ম্যাচে ১৩২ করেও ৩৭ রানে জিতেছিল শ্রীলঙ্কা, পরশু ১২২ করে পাকিস্তান জিতল ২৩ রানে। ১১তম ওভারে আফ্রিদি যখন উইকেটে গেলেন, পাকিস্তানের রান তখন ৪ উইকেটে ৪১! শোয়েব মালিককে (২৭) সঙ্গে নিয়ে পঞ্চম উইকেটে গড়লেন ৬৮ রানের জুটি। আফ্রিদির ৩৩ বলে অপরাজিত ৫২ পাকিস্তানকে এনে দিল ১২২ রান। প্রথম জয়ের স্বাদ পাওয়া অধিনায়ক মোহাম্মদ হাফিজের কথা, ‘আফ্রিদির ইনিংসটাই দুই দলের মাঝে ব্যবধান গড়ে দিয়েছে। ও আমাদের একটা লড়ার মতো রান এনে দিয়েছে।’দলে ফেরা দুই পেসার মোহাম্মদ সামি ও ইয়াসির আরাফাত নিয়েছেন ৩ উইকেট করে। শ্রীলঙ্কার সর্বোচ্চ দুই স্কোরার কাপুগেদারা (১৯) ও দিলশানকে (১৮) বোল্ড করেছেন আফ্রিদি। দুই ম্যাচে ৪ উইকেট নিয়ে সিরিজ-সেরা সোহেল তানভির। পুরস্কারও পেয়ে গেছেন হাতেনাতে। চোট পাওয়া নাসির জামশেদের জায়গায় ওয়ানডে সিরিজেও রেখে দেওয়া হচ্ছে তানভিরকে। আগামীকালই শুরু ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ। ওয়েবসাইট।