আফ্রিদির অধীনে খেলতে অসুবিধা নেই: মিসবাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসবাহ-উল-হক পাকিস্তানের টেস্ট অধিনায়ক। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ বিজয়ে নেতৃত্ব দিয়েই মূলত ‘ঝামেলা’টা তিনি বাঁধিয়েছেন। ওয়ানডের অধিনায়ক শহীদ আফ্রিদির অধিনায়কত্বকে তিনি করে তুলেছেন টলায়মান। বিশ্বকাপের জন্য পাকিস্তান দলের কোনো অধিনায়কের নাম ঘোষণা করা হয়নি। ধারণা করা হচ্ছে বোর্ডের একটা বড় অংশ আফ্রিদির বদলে অধিনায়ক হিসেবে মিসবাহ’কেই চাচ্ছেন। এমন একটা পরিস্থিতিতে সবাই যখন আফ্রিদি-মিসবাহ’র সম্পর্ককে কিছুটা ‘দা-কুমড়ো’ হিসেবে ভাবছেন, তখনই আফ্রিদির পক্ষে মুখ খুলে সবাইকে অবাক করলেন মিসবাহ।আধিনায়কত্বের রশি টানাটানির মধ্যেও মিসবাহ বলেছেন, ‘অধিনায়ক হিসেবে আফ্রিদি এই মুহূর্তে ভালো করছেন। তাঁর নেতৃত্বে দলের অবস্থায় এখন অনেকটাই মজবুত। আমারও তাঁর অধিনায়কত্বে খেলতে কোনোই অসুবিধা নেই।’মিসবাহ’র মতে, বিশ্বকাপে যেই অধিনায়ক হোক না কেন দলীয় সংহতির কোনো ব্যত্যয় ঘটবে না। এই মুহূর্তে অধিনায়ক হিসেবে আফ্রিদি ভালো করছে। আমার মনে হয়, বিশ্বকাপে কে অধিনায়ক হবে, তা নিয়ে কোনো খেলোয়াড়েরই মাথা ব্যাথা নেই।’অধিনায়ক যেই হোক পাকিস্তান বিশ্বকাপে ভালো করবে বলেই মনে করেন মিসবাহ। তিনি বলেন, ‘দলের সকলেই ভালো ফর্মে রয়েছে। বিশ্বকাপে যেটা সবচেয়ে বেশি কাজে লাগবে। প্রতিটি খেলোয়াড়ই দলের বিজয়ে কোনো না কোনোভাবে সহায়তা করছে। ব্যাটসম্যানরাতো ফর্মে রয়েছেই, বোলাররাও ভালো করছে। পুরো নিউজিল্যান্ড সফরই পাকিস্তানের ক্রিকেটের জন্য আশার আলো হয়ে দেখা দিয়েছে।’নিউজিল্যান্ড সফরে টেস্ট সিরিজের পাশাপাশি ওয়ানডে সিরিজেও নিজের ঝলক দেখিয়ে চলেছেন মিসবাহ-উল-হক। এ পর্যন্ত তিন ম্যাচে তাঁর সংগ্রহ ১৭৮ রান। সর্বোচ্চ অপরাজিত ৯৩ রান এসেছে গতকাল তৃতীয় ওয়ানডেতে। যে স্কোর সিরিজে পাকিস্তানকে ২-১ ব্যবধানে এগিয়ে যেতে সবচেয়ে বড় অবদান রেখেছে। নিউজিল্যান্ড সফরে দলের পারফরম্যান্সের পাশাপাশি নিজের ফর্ম নিয়েও স্বস্তি প্রকাশ করেছেন মিসবাহ। ‘এটা আমার জন্য খুবই ভালো একটা ব্যাপার। নিউজিল্যান্ডে আমি খেলাটা উপভোগ করছি। আর স্কোর যা পেয়েছি, তাতেও আমি আনন্দিত। কারণ, আমি এসব স্কোরের মধ্য দিয়ে দলকেই জেতাতে চেয়েছি। দল জেতায়, তাই আরো বেশি ভালো লাগছে।মিসবাহ’র জন্য মৌসুমটা রীতিমতো দুর্দান্তই মনে হচ্ছে। গত অক্টোবর-নভেম্বরে আবুধাবিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে তিনি রেখেছিলেন চমত্কার অবদান। এর ফলশ্রুতিতেই টেস্ট দলের অধিনায়কত্বটা নিজের করে নিয়েছেন তিনি। ওয়ানডে অধিনায়কও তিনি হবেন কিনা, এমন দোটানার মধ্যে নির্বাচক ও বোর্ডকে ফেলে দেওয়ার কৃতিত্বটাও কিন্ত তাঁরই। নিজের পারফরম্যান্সের ধারাবাহিকতা দিয়েই তিনি এই পরিস্থিতি তৈরী করেছেন। তবে এসব নিয়ে একেবারেই চিন্তিত নন মিসবাহ। বিনয়ের সঙ্গেই তিনি বলেছেন, ‘আমি অনেক কষ্ট করেই ফর্মে ফিরেছি। আমার ফর্ম নির্বাচকদের মধ্যে আস্থা তৈরী করতে পেরেছে দেখে ভালো লাগছে। এই আস্থা আমার মধ্যে আত্মবিশ্বাস তৈরী করে দিয়েছে। আর ক্রিকেটেতো আত্মবিশ্বাসটাই সবচেয়ে বেশি প্রয়োজন। ক্রিকইনফো।