আফ্রিদির অবসর হাস্যকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোচ ওয়াকার ইউনুস ও পাকিস্তানি ক্রিকেট বোর্ডের সঙ্গে ঝামেলায় জড়িয়ে এ বছরের শুরুতেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন শহীদ আফ্রিদি। কিন্তু সম্প্রতি ওয়াকার ইউনুস কোচের পদ থেকে সরে দাঁড়ানোর পর আবার দলে ফেরার ইচ্ছা ব্যক্ত করেছেন এই পাকিস্তানি অলরাউন্ডার। আর আফ্রিদির অবসর গ্রহণ এবং ফিরে আসা—এই দ্বিধাদ্বন্দ্বের ব্যাপারটাকে হাস্যকর বলে উল্লেখ করেছেন পাকিস্তানের আরেক সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। আফ্রিদিকে যেকোনো একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন এই কিংবদন্তি পেসার।সম্প্রতি ওয়াসিম আকরাম বলেছেন, ‘আফ্রিদি পাকিস্তান ক্রিকেট বোর্ডের জন্য অনেক কিছুই অনেক জটিল করে তুলছেন। ক্রিকেট একটা দলগত খেলা। ব্যক্তিগত পারফরম্যান্স প্রদর্শনের জায়গা না। আপনাকে অবশ্যই দলের সুযোগ-সুবিধার দিকে বেশি নজর দিতে হবে। কাজেই আমার মনে হয়, আফ্রিদির যেকোনো একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া উচিত। হয় সে অবসরে যাবে, অথবা যাবে না। তার অবসরে যাওয়ার ব্যাপারটি এখন একটা হাস্যকর বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেউ তো নিজের ইচ্ছামাফিক শর্তে ক্রিকেট খেলতে পারবে না।’— পিটিআই