আফ্রিদির অবসরে হতাশ ওয়াকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের পরপরই ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। এরপর আবার আয়ারল্যান্ডে। ওয়াকার ইউনুসের আয়ারল্যান্ড থেকেই সরাসরি অস্ট্রেলিয়ায় উড়ে যাওয়ার কথা ছিল। স্ত্রী আর দুই সন্তানকে নিয়ে সিডনিতেই স্থায়ী হয়েছেন অনেক দিন। কিন্তু ‘আফ্রিদি-ঝড়ে’ পরিকল্পনা ভণ্ডুল। দলের সঙ্গেই ফিরতে হয়েছে পাকিস্তানে। কারণ শহীদ আফ্রিদির সঙ্গে দ্বন্দ্ব আর টিম ম্যানেজার ইন্তিখাব আলমের রিপোর্ট নিয়ে কোচের সঙ্গে কথা বলতে চায় পিসিবি। পাকিস্তান কোচ অবশ্য দাবি করছেন, আফ্রিদির সঙ্গে তাঁর কোনো দ্বন্দ্বই নেই!ওয়েস্ট ইন্ডিজে দল নির্বাচন নিয়ে কোচের সঙ্গে দ্বন্দ্ব আর সংবাদমাধ্যমে মুখ খোলার জন্যই অধিনায়কত্ব হারাতে হয়েছিল আফ্রিদিকে। এর জের ধরেই ‘শর্তসাপেক্ষ’ অবসর। পিসিবির সঙ্গে ওয়াকারের আলোচনা এখনো হয়নি। তবে কাল দেশে ফিরে বলেছেন, ‘ওর অবসরের ঘোষণায় আমি হতাশ। পিসিবি কর্তাদের সঙ্গে দেখা করার আগে আমি খুব বেশি কিছু বলতে চাই না। তবে আমাদের কোনো ব্যক্তিগত মতপার্থক্য নেই; আমরা সবাই পাকিস্তানের জন্য নিবেদিত। আফ্রিদির সঙ্গে মতপার্থক্যের কথা আমি জেনেছি সংবাদমাধ্যমে। আফ্রিদি কী বলেছে, এটা না জেনে আমি কোনো মন্তব্য করব না।’অবসর নেওয়ার ঘোষণার সময় অবশ্য আফ্রিদি কোচের সঙ্গে ঝামেলা নিয়ে একটা কথাও বলেনি। আগে বলেছিলেন, ঝামেলা এমন বড় কিছু নয়, চাইলেই মিটিয়ে ফেলা যায়। ম্যানেজারের রিপোর্টের ভিত্তিতেই আফ্রিদিকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে খবর। আফ্রিদি তাই চটেছেন ম্যানেজার ইন্তিখাবের ওপর, ‘আমি জানি না তিনি কী লিখেছেন, তবে ইন্তিখাবের উচিত যথেষ্ট সৎ থাকা এবং ওয়াকার সম্পর্কে আমাকে যেসব বলেছেন সেগুলোও বলা। তিনি আমাকে কিছু একটা বলেন, কোনো একটা ব্যাপারে হয়তো একমত হন, পরে বোর্ডকে বলেন অন্যকিছু। আমার প্রশ্ন হলো, যদি আমার শৃঙ্খলাজনিত কোনো সমস্যা থেকেই থাকে, তাহলে আয়ারল্যান্ড সফরের দলে আমাকে কেন নেওয়া হলো?’আফ্রিদি-কাহিনিতে বিপাকে পড়েছে কাউন্টি দল হ্যাম্পশায়ার। ইংলিশ টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়নরা পরশু টি-টোয়েন্টি কাপে শুভসূচনা করেছে সমারসেটকে হারিয়ে। পিসিবি আফ্রিদির অনাপত্তিপত্র বাতিল করায় পাকিস্তানি অলরাউন্ডার এই ম্যাচে খেলতে পারেননি। অনাপত্তিপত্র বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পিসিবিকে অনুরোধ জানিয়েছে দলটি। তবে পিসিবি আফ্রিদিকে এত সহজেই ছাড়ছে না। আফ্রিদির আচরণবিধি ভঙ্গের ঘটনায় গতকাল তিন সদস্যের একটি ডিসিপ্লিনারি কমিটি গঠন করেছে বোর্ড, ৮ জুন বেলা ৩টার মধ্যে কমিটির সামনে হাজির হতে বলা হয়েছে তাঁকে। দুর্দিনে একটা সুখবরও অবশ্য পেয়েছেন আফ্রিদি। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক টুইটারে লিখেছেন, ‘সমস্যা সমাধানে সম্ভব সব চেষ্টাই করব আমি, কারণ আর সবার মতো আমিও আফ্রিদির ফ্যান!’ ওয়েবসাইট।