আফ্রিদির আকুতি
চার বছর ধরে পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট নেই। নিরাপত্তাহীনতার কারণে কোনো দলই সফরে যেতে রাজি নয়। ক্রিকেটের এই ‘নির্বাসন’ থেকে পাকিস্তানকে মুক্ত করতে সবার প্রতি আকুল আবেদন জানিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।‘দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনতে আপ্রাণ চেষ্টা করছি আমরা। এ জন্য প্রয়োজন সবার সহযোগিতা। কিন্তু আমরা তা পাচ্ছি না।’ গতকাল বৃহস্পতিবার বলেছেন আফ্রিদি।আফ্রিদি বলেন, ‘সবার অসহযোগিতার কারণে পাকিস্তানের ক্রিকেট মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। সময় এসেছে আমাদের সহায়তা করার। দয়া করে আমাদের একা করে রাখবেন না।’টি-টোয়েন্টি সুপার লিগ ‘পিএসএল’ আয়োজন করতে চলেছে পাকিস্তান। তবে আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠন ‘ফিকা’ এই বলে সতর্ক করে দিয়েছে, অনিরাপদ পাকিস্তানে যেন বিদেশিরা খেলতে না যায়। ‘হিন্দুস্থান টাইমস’-এর খবরে বলা হয়, এ অবস্থায় ক্রিকেট খেলুড়ে দেশগুলোর পাশাপাশি ফিকার সহায়তাও চেয়েছেন আফ্রিদি। পাকিস্তানি এই অলরাউন্ডার বলেন, ‘প্রতিটি দেশ থেকে যদি দুজন করে খেলোয়াড়ও পাঠানো হয়, আমরা ভালো একটা লিগ আয়োজন করতে পারি। ফিকাকেও সহায়তা করতে হবে। পাকিস্তানের দরকার সবার সহযোগিতা। যদি কোনো খেলোয়াড় আগ্রহী হন এবং আমরা তাঁর নিরাপত্তা নিশ্চিত করতে পারি, ওই খেলোয়াড়কে যেন পাকিস্তানে আসতে বাধা দেওয়া না হয়। এখনই সময়, আমাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার।’২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কার ক্রিকেট দলকে বহনকারী বাসে গুলি চালায় জঙ্গিরা। প্রাণে রক্ষা পেলেও আহত হন সাত লঙ্কান ক্রিকেটার। প্রাণ যায় আট পাকিস্তানির। ভয়, আতঙ্কে তড়িঘড়ি করে দেশে ফিরে যায় শ্রীলঙ্কা। এর পর থেকেই নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে পাকিস্তান সফর থেকে বিরত আছে ক্রিকেট খেলুড়ে দেশগুলো। দুই দফা মৌখিক ‘প্রতিশ্রুতি’ দিলেও শেষ পর্যন্ত পাকিস্তান সফরে যায়নি বাংলাদেশ দল।