আফ্রিদির আশঙ্কা
টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়াবে আগামী ১৮ সেপ্টেম্বর। এর মানে, আরও তিন মাস বাকি। তবে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির আশঙ্কা, এখনই নির্বাচকেরা বিশ্বকাপের দল ঘোষণা না করলে ক্ষতিগ্রস্ত হবে পাকিস্তান।দল ঘোষণার এখনই যথার্থ সময়—মন্তব্য করে আফ্রিদি বলেছেন, ‘এতে চ্যালেঞ্জ নেওয়ার জন্য ক্রিকেটাররা মানসিকভাবে প্রস্তুত হতে পারবে। আমি মনে করি, দল ঘোষণায় আরও দেরি করলে আমাদের প্রস্তুতি মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে।’মিসবাহ-উল-হককে সরিয়ে গত মাসে মোহাম্মদ হাফিজকে পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক করা হয়। আফ্রিদি মনে করেন, ওই সময়ই বিশ্বকাপের দল ঘোষণা করতে পারতেন নির্বাচকেরা।নতুন টি-টোয়েন্টি অধিনায়ক সম্পর্কে আফ্রিদি বলেন, ‘প্রত্যেক নতুন অধিনায়ককেই শেখার প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। হাফিজকেও এর মধ্য দিয়ে যেতে হবে এবং শিখতে হবে। এই প্রক্রিয়া অতিক্রম করেই নিজের সেরাটা দিতে পেরেছিলাম আমি। সময়ের সঙ্গে শিখে একজন অধিনায়ক সফল হয়। হাফিজেরও উন্নতি হবে।’মিসবাহ বা হাফিজ কারও অধীনে খেলতেই কোনো সমস্যা নেই জানিয়ে আফ্রিদি বলেন, ‘মিসবাহ ও হাফিজ দুজনই বেশ সহায়ক। একটা বিষয় নিয়ে আলোচনা করতে ইতস্তত করে না ওরা। ওদের সঙ্গে কোনো বিষয় নিয়েই আমার দ্বন্দ্ব নেই।’ সূত্র: পিটিআই।