আফ্রিদির উপভোগ-দর্শন
পাকিস্তানের ক্রিকেটে ফিক্সিং কেলেঙ্কারি নতুন নয়। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ সফরে ৩-১-এ জেতা ওয়ানডে সিরিজ নিয়েও পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলা হয়েছে। ইংল্যান্ডের দ্য মেইল-এর দাবি, পাকিস্তানের বিরুদ্ধে ফিক্সিংয়ের তদন্ত করছে আইসিসির দুর্নীতি দমন কমিশন। ক্যারিবিয়ান থেকে পরশুই দেশে ফিরেছেন। গতকাল যেন ক্ষোভ উগরে দিলেন পাকিস্তানিরা ক্রিকেটাররা। অলরাউন্ডার শহীদ আফ্রিদির কথা, ‘অভিযোগ সম্পর্কে আমি কিছু জানি না। তবে আমি বলব, জয়টা উপভোগ করা উচিত, বিশেষ করে আপনি যখন ভালো করবেন এবং অন্য সবকিছু ভুলে যাওয়া উচিত।’
পাকিস্তানের টিম ম্যানেজার নাভেদ চিমা অভিযোগ উড়িয়ে দিয়েছেন, ‘এই অভিযোগ ভিত্তিহীন। যে কেউ তদন্ত করতে পারে। খেলোয়াড়দের শৃঙ্খলা ছিল আদর্শ। ফলই সেটা বলছে।’ অফস্পিনার সাঈদ আজমলের কথা, ‘মাঝেমধ্যে তাদের কাছ থেকে অবশ্যই আমাদের প্রশংসা পাওয়া উচিত। কেন মানুষ আমাদের জয়টাকে হালকাভাবে নেয় এবং জোরালো অভিযোগ তোলে তা বোধগম্য নয়।’
মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ। ওয়ানডে সিরিজেও ৩-২-এ হার। পরে ইংল্যান্ডে চ্যাম্পিয়নস ট্রফির তিন ম্যাচেই শোচনীয়ভাবে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায়। ব্যর্থতার সেই মিছিলকে পেছনে ফেলে ক্যারিবিয়ানে ওয়ানডে ও টি-টোয়েন্টি—দুই সিরিজেই জয়। আফ্রিদি মনে করেন, ‘দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের ঘটনার পর এই জয়টা আমাদের অবশ্যই প্রয়োজন ছিল। আমি নিশ্চিত এই জয় দীর্ঘ মেয়াদে দল ও খেলোয়াড়দের ভাবমূর্তিকে উজ্জ্বল করবে।’ এএফপি।