আফ্রিদির কণ্ঠে সেই একই সুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার বছর পর টেস্টে ফিরে নিজে খেললেন বাজে, দল হারল ১৫০ রানে। তিনি সরে যেতেই ১৫ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল পাকিস্তান। তাহলে যেসব খবর বাতাসে উড়ছে, সেসবই কি সত্যি? আসলেই দলের অনেকের সঙ্গে ঝামেলা আছে শহীদ আফ্রিদির? পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক কিন্তু এসব অভিযোগ শুনে বেজায় চটেছেন। জানিয়ে দিয়েছেন, সব বাজে কথা।‘দলের কারও সঙ্গে আমার কোনো সমস্যা নেই, আমিও কারও ওপর অসন্তুষ্টও নই। আমার টেস্টে থেকে অবসরের সিদ্ধান্ত কোনো আবেগতাড়িত সিদ্ধান্ত নয়। অনেক ভেবেচিন্তেই আমি অবসর নিয়েছি’—নাটকীয়ভাবে ফেরার পর আরও নাটকীয়ভাবে অবসরকে আফ্রিদি ব্যাখ্যা করলেন এভাবেই। লর্ডস টেস্টের পর থেকেই যেমন বলে আসছেন, আরও একবার অবসরের কারণ জানালেন সেসবই, ‘লর্ডস টেস্টের পরই আমি বুঝতে পেরেছিলাম, টেস্ট ক্রিকেটের সঙ্গে আমি মানিয়ে নিতে পারব না। এ জন্যই সরে যাওয়ার সিদ্ধান্ত নিই। দলের বৃহত্তর স্বার্থেই আমার এমন সিদ্ধান্ত। যে ধরনের ক্রিকেটের সঙ্গে আমি মানিয়ে নিতে পারছি না, সেটা চালিয়ে যাওয়ার কোনো যৌক্তিকতা আমি দেখিনি।’অবসরের পরপরই বলেছিলেন, অধিনায়ক হিসেবে ভালো করতে পারেন সালমান বাট। দলকে অনেক প্রতীক্ষার এক জয় এনে দেওয়া নতুন টেস্ট অধিনায়কের প্রতি আরও একবার আস্থা জানালেন সাবেক টেস্ট অধিনায়ক, ‘আমার ধারণা, বাট আরও ভালো করবে। সে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে বেশ কয়েক বছর হয়ে গেল, ওর ক্রিকেট জ্ঞানও ভালো।’ অবশ্য ওয়াসিম আকরামসহ আরও অনেকের মতো আফ্রিদিরও ধারণা, অস্ট্রেলিয়া সিরিজের চেয়ে অনেক কঠিন হবে ইংল্যান্ড সিরিজ, ‘ইংলিশ কন্ডিশনে অস্ট্রেলিয়ার চেয়ে ইংল্যান্ডকে খেলা অনেক বেশি কঠিন হবে। উইকেট, আবহাওয়া—সব তাদের পরিচিত। তা ছাড়া এ মুহূর্তে তাদের ফর্মও ভালো। তবে আমির, আসিফ ও গুলের ওপর নির্ভর করতে পারে বাট। কারণ গত কিছুদিনের মধ্যে আমার দেখা সেরা বোলিংটা করছে ওরা।’ ওয়েবসাইট।