আফ্রিদির কাছে ব্যাখ্যা চেয়েছে পিসিবি
ঘটনাটা ফাঁস হয় শহীদ আফ্রিদি ওয়েস্ট ইন্ডিজ থাকাকালে। গতকাল দেশে ফিরে সীমিত ওভারের ক্রিকেটে পাকিস্তানের এ অধিনায়ক সাংবাদিকদের কাছে স্বীকার করেন, কোচ ওয়াকার ইউনুস ও দলের ম্যানেজমেন্টের সঙ্গে বনিবনা হচ্ছে না তাঁর। এ বক্তব্যের জের ধরে আফ্রিদির কাছে ব্যাখ্যা দাবি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।আজ সোমবার এক তথ্য বিবরণীতে পিসিবি জানিয়েছে, আফ্রিদির বক্তব্য আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। জনসম্মুখে এ ধরনের বক্তব্য দেওয়ায় তাঁর কাছে ব্যাখ্যা চেয়েছে বোর্ড। সফর শেষে দলের ম্যানেজমেন্টের দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।রয়টার্স জানায়, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ওয়াকারের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন আফ্রিদি। সেই দ্বন্দ্ব এমন পর্যায়ে পৌঁছেছে যে আফ্রিদি শেষ দুটো ওয়ানডেতে খেলতেও চাননি। এখানেই শেষ নয়। আফ্রিদির সঙ্গে ওয়াকারের এ দ্বন্দ্ব নাকি নতুন কিছু নয়। দল নির্বাচন নিয়ে গত বিশ্বকাপের সময় থেকেই তাঁদের মধ্যে সমস্যা দানা বেঁধেছে।