আফ্রিদির চোখ টি-টোয়েন্টি বিশ্বকাপে
স্পট ফিক্সিং কেলেঙ্কারি, তিন ক্রিকেটারের ওপর নিষেধাজ্ঞা, অধিনায়কত্ব বিতর্ক—সব ছাপিয়ে বিশ্বকাপে অবিশ্বাস্য গতিতে এগিয়ে চলেছিল পাকিস্তান। সেই পথচলা থামে ‘চিরশত্রু’ ভারতের বিপক্ষে। ৫০ ওভারের বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায়ের পর পাকিস্তানি অধিনায়ক শহীদ আফ্রিদির চোখ এখন আগামী বছর শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে।নিজে অসাধারণ খেলেছেন। ব্যাট হাতে ততটা সফল না হলেও বল হাতে শিকার করেন ২১ উইকেট! আফ্রিদির কষ্টটা অন্যদের চেয়ে বেশিই হওয়ার কথা। ‘ভারতের বিপক্ষে হারের হতাশাটা জয় করার পথ আমার কাছে একটাই—টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করা!’ পাকিস্তানের দৈনিক দ্য নিউজকে দেওয়া সাক্ষাত্কারে বলেছেন আফ্রিদি।মূল বিশ্বকাপ না পাওয়ার ব্যর্থতা পূরণ করবে টি-টোয়েন্টি? অনেকে তো টি-টোয়েন্টিকে ক্রিকেটই মানতে চান না! তবে আফ্রিদির টি-টোয়েন্টি বিশ্বকাপে চোখ রাখার কারণটা যৌক্তিক। ২০১৫ সাল পর্যন্ত খেলতে পারবেন কি না, এটাই যে অনিশ্চিত। সেই অনিশ্চয়তা থেকেই আফ্রিদি বলেছেন, ‘২০১৫ সালের বিশ্বকাপ পর্যন্ত খেলতে চাই আমি। কিন্তু চার বছর অনেক দীর্ঘ সময়। এ কারণে আমি শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েই ভাবছি।’ ওয়েবসাইট।