আফ্রিদির চোখে টেন্ডুলকার-পন্টিংয়ের চেয়ে এগিয়ে লারা

লারা আর টেন্ডুলকারের শ্রেষ্ঠত্বের লড়াই নিয়ে বিতর্কটা চলছে অনেক দিন ধরেই। এরপর সেটা হয়ে গেছে ত্রিমুখী—লারা-পন্টিং-টেন্ডুলকার। এই তিনজনের মধ্যে সেরা কে? অমীমাংসিত সেই বহুল আলোচিত বিতর্কে যোগ দিলেন শহীদ আফ্রিদিও। পাকিস্তানি এই অলরাউন্ডারের চোখে টেন্ডুলকার বা পন্টিংয়ের চেয়ে সামান্য এগিয়েই আছেন লারাই। আফ্রিদির নাকি মনে হতো যে, চোখ বাঁধা অবস্থায়ও একইভাবে খেলে যেতে পারবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি এই ব্যাটসম্যান।
আফ্রিদির আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শুরু হয়েছিল ১৯৯৬ সালে। লারা, টেন্ডুলকার, পন্টিং তিনজনের বিপক্ষে খেলার অভিজ্ঞতাই তাঁর আছে। নিজের ব্যক্তিগত এই অভিজ্ঞতা থেকেই লারাকে এগিয়ে রেখেছেন আফ্রিদি। যত ব্যাটসম্যানের বিপক্ষে বল করেছেন, এর মধ্যে লারাকেই সবচেয়ে কঠিন মনে হয়েছে তাঁর।
সম্প্রতি এক সাক্ষাত্কারে আফ্রিদি বলেছেন, ‘আমার ১৬ বছরের ক্যারিয়ারে লারার মতো ভালো ব্যাটসম্যান আর দেখিনি। ব্যক্তিগতভাবে আমার মনে হয়, তার সময়ের অন্য দুই সেরা ব্যাটসম্যান টেন্ডুলকার ও পন্টিংয়ের চেয়ে লারা কিছুটা এগিয়েই থাকবে। সব ধরনের ক্রিকেটেই বল করার সময় লারাকেই আমার সবচেয়ে কঠিন ব্যাটসম্যান বলে মনে হয়েছে। সে নিজের ইচ্ছা অনুযায়ী ছয়-চার মারতে পারে। বিশেষত স্পিনারদের বিপক্ষে সে দারুণ খেলে। তাকে ব্যাটিং করতে দেখাটা সত্যিই খুব উপভোগ্য ব্যাপার।’
চোখ বাঁধা অবস্থায়ও লারা ব্যাটিং করতে পারবেন বলেও মনে হয়েছে আফ্রিদির, ‘কিছু কিছু সময় তিনি স্পিন বোলিং এতটাই ভালোভাবে খেলেন যে মনে হতো, চোখ বাঁধা অবস্থাতেও সে একইভাবে ব্যাটিং করতে পারবে। টেন্ডুলকার আর পন্টিং দুজনেই খুব ভালো ব্যাটসম্যান। কিন্তু আমার মনে হয় লারা তাদের চেয়ে কিছুটা এগিয়েই আছে।’
বোলারদের মধ্যে আফ্রিদি শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছেন অস্ট্রেলিয়ান পেসার গ্লেন ম্যাকগ্রা ও স্বদেশি মোহাম্মদ আসিফকে। আফ্রিদির মতে, এই দুজনই নিজেদের ইচ্ছানুযায়ী বল সুইং করাতে পারতেন, ‘তারাই একমাত্র বোলার যারা ইচ্ছামতো ইনসুইং বা আউটসুইং করাতে পারত। পেসারদের ক্ষেত্রে এটা খুবই বড় একটা দক্ষতা।’