আফ্রিদির দুঃখ প্রকাশ
এশিয়া কাপ জিতে বীরের বেশেই দেশে ফিরেছিলেন শহীদ আফ্রিদি। কিন্তু করাচি বিমানবন্দরে পৌঁছানোর পর সংবর্ধনার অভিজ্ঞতাটা সুখকর হয়নি পাকিস্তানি এই অলরাউন্ডারের। করাচি বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে আফ্রিদি যখন বাইরে বেরিয়ে আসেন, তখনই তাঁকে ঘিরে জটলা বাঁধে ভক্তদের। অনেকেই তখন তাঁর কাছ থেকে অটোগ্রাফ দাবি করেন। ভিড় ঠেলে সামনে এগিয়ে যাওয়ার সময় ভক্তদের কিছুটা উচ্ছৃঙ্খলতা ও বাড়াবাড়িতে মাটিতে পড়ে ব্যথা পায় আফ্রিদির তিন বছরের কন্যাসন্তান। ঠিক তখনই মেজাজ একেবারেই হারিয়ে বসেন এই ড্যাশিং ক্রিকেটার। এক ভক্তকে চড়ই মেরে বসেন তিনি। তবে পরে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন আফ্রিদি।আজ শনিবার পাকিস্তানের ডন সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাত্কারে আফ্রিদি বলেছেন, ‘আমি জানি, আমি ভুল করেছি। আমার নিজেকে নিয়ন্ত্রণ করা উচিত ছিল। কিন্তু আমার মেয়েকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়ার পর আমি নিজেকে সামলাতে পারিনি।’ এশিয়া কাপে শহীদ আফ্রিদির অলরাউন্ড নৈপুণ্যেই বাংলাদেশকে ২ রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে পাকিস্তান। ফাইনালের ম্যাচসেরা আফ্রিদিকে একটু কাছে পাওয়ার জন্য ক্রিকেট-ভক্তদের উদ্দীপনাটা যে একটু বেশিই থাকবে, এটাই স্বাভাবিক। ভক্তদের সমর্থনের জন্য তাঁদের প্রতি সম্মান ও ভালোবাসার কোনো ঘাটতি নেই বলেই সাংবাদিকদের জানিয়েছেন আফ্রিদি। তবে নিজের ছোট্ট মেয়ে আঘাত পাওয়ায় ক্ষণিকের জন্য নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় আন্তরিকভাবেই দুঃখ প্রকাশ করেছেন তিনি।