আফ্রিদির পক্ষে দাঁড়িয়েও বিফল মিসবাহ
বহু প্রতীক্ষার ভারত সফরের জন্য বিতর্কমুক্ত দল দিতে পারল না পাকিস্তান। দল গঠন নিয়ে অধিনায়কের সঙ্গে নির্বাচকদের অনেক বাদানুবাদ হয়েছে বলে খবর। অধিনায়কের চাওয়াকে গুরুত্ব না দিয়ে নিজেদের পছন্দের দল দিয়েছেন নির্বাচকেরা—এমনটাই গুঞ্জন।মূল বাদানুবাদটা হয়েছে শহীদ আফ্রিদিকে নিয়েই। মোহাম্মদ হাফিজের নেতৃত্ব টি-টোয়েন্টি দলে থাকলেও ওয়ানডে দলে রাখা হয়নি ৩২ বছর বয়সী এই অলরাউন্ডারকে। কিন্তু আফ্রিদিকে ওয়ানডে দলেও চেয়েছিলেন অধিনায়ক মিসবাহ-উল হক। নির্বাচকেরা তাতে কান না দিয়ে ঘরোয়া ক্রিকেটে ভালো খেলা নতুনদেরই সুযোগ দিয়েছেন। দুটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলতে ২২ ডিসেম্বর ভারতে যাচ্ছে পাকিস্তান।পরশু ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য ঘোষিত পাকিস্তান দল দুটি চমকে ভরপুর। গত আগস্টে সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা ওয়ানডে সিরিজের দল থেকে পরিবর্তন ছয়টি। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে ভারত সফরের টি-টোয়েন্টি দলেও ছয়টি পরিবর্তন।একটি সূত্র জানাচ্ছে, ‘ওয়ানডে দলে উমর আকমলের বদলে আফ্রিদিকে নিতে চেয়েছিলেন অধিনায়ক মিসবাহ। কিন্তু নির্বাচকেরা তাঁর পরামর্শ প্রত্যাখ্যান করেছেন। মিসবাহর যুক্তি ছিল, ফর্মে না থাকলেও আফ্রিদি এখনো ম্যাচজয়ী খেলোয়াড় এবং ভারতে চাপের মুখে তাঁর অভিজ্ঞতা হতে পারে খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, অতীত পারফরম্যান্সের কারণে আফ্রিদির উপস্থিতি ভারতীয়দের চাপে রাখবে।’ নির্বাচকদের যুক্তি, আগামী বিশ্বকাপ সামনে রেখে ওয়ানডে দলটাকে তাঁরা নতুন করে গড়ে তুলতে চাইছেন।ওদিকে ইমরান নাজিরকে নিয়েও জল ঘোলা হয়েছে। অন্তত টি-টোয়েন্টি দলে এই ওপেনারকে আরেকটি সুযোগ দেওয়ার চাপ ছিল নির্বাচকদের ওপর। নির্বাচকেরা সেই চাপ সরিয়ে সুযোগ দিয়েছেন আহমেদ শেহজাদকে। এই সফরে নেই অলরাউন্ডার আবদুল রাজ্জাক, পেসার মোহাম্মদ সামিও। এই দুজনের বাদ পড়া নিয়ে অবশ্য কোনো বিতর্ক নেই। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে শ্রীলঙ্কা থেকে দেশে ফিরে হাফিজের অধিনায়কত্ব নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেছিলেন রাজ্জাক। তাঁর বাদ পড়ায় সেটিরও হয়তো ভূমিকা থাকতে পারে। এ ছাড়া ঘরোয়া ক্রিকেটে তরুণ অলরাউন্ডার আসাদ আলী দুর্দান্ত খেলছেন। রাজ্জাক তাই বিবেচনায় আসেননি। ওয়েবসাইট।