আফ্রিদির পক্ষে-বিপক্ষে
আমি সত্যিই বোর্ডের এই সিদ্ধান্তে বিস্মিত। সিদ্ধান্তটা ঠিকই আছে। আফ্রিদিই এখন পাকিস্তানের অধিনায়ক হিসেবে সবচেয়ে যোগ্য।প্রথম মন্তব্যটি জহির আব্বাসের। পরেরটি ওয়াসিম আকরামের। দুই সাবেক অধিনায়কের দুই রকম মন্তব্যই বলে দিচ্ছে, পাকিস্তানের সব ধরনের ক্রিকেটের জন্য শহীদ আফ্রিদিকে অধিনায়ক করার প্রতিক্রিয়ায় সাবেক ক্রিকেটাররা আসলে দ্বিধাবিভক্ত। অবশ্য আফ্রিদির পক্ষের চেয়ে বিপক্ষে মন্তব্যই এসেছে বেশি। বিশেষ করে গত চার বছরে একটিও টেস্ট না খেলা আফ্রিদিকেই টেস্ট অধিনায়ক করায় বিস্মিত অনেকেই।আব্বাস যেমন কোনো রাখঢাক না রেখেই বলেছেন, ‘আমি সত্যিই বোর্ডের এই সিদ্ধান্তে বিস্মিত। ও তো চার বছর ধরে টেস্টই খেলেনি। এটা অদ্ভুত সিদ্ধান্ত। এর ফল হিতে বিপরীতও হতে পারে। কারণ ও টেস্ট দলে নিয়মতি ছিল না কখনো। সর্বশেষ টেস্টও খেলেছে ২০০৬ সালে। বোর্ড কীভাবে অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের মতো দুটো কঠিন সিরিজের জন্য ওকে দায়িত্ব দিল!’সিদ্ধান্তটি নিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড তাড়াহুড়ো করে ফেলেছে বলেও মনে করেন আব্বাস, ‘ইংল্যান্ড সফরের জন্য অধিনায়ক ঠিক করতে এত তাড়াহুড়োর কিছু ছিল না। এশিয়া কাপ পর্যন্ত দেখার পরই সিদ্ধান্ত নেওয়া যেত টেস্টে পাকিস্তানের নেতৃত্ব দেওয়ার জন্য সবচেয়ে যোগ্য কে।’ টেস্ট অধিনায়ক তো দূরের কথা, একাদশে জায়গা পাওয়ার জন্য আফ্রিদি যথেষ্ট যোগ্য নন বলেও মনে করেন তিনি। আরেক সাবেক অধিনায়ক আমির সোহেলও একমত, ‘বোর্ড তাদের সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এটা অবশ্যই বিতর্কিত। এটা অনেক বড় জুয়াখেলা হয়ে গেল। আমার মনে হয়, শহীদ ইংল্যান্ডে বড় পরীক্ষার সামনেই পড়তে যাচ্ছে।’ পিসিবি মহাপরিচালক জাভেদ মিয়াঁদাদও এই সিদ্ধান্তের বিপক্ষে ছিলেন বলেই জানা গেছে। ওয়াসিম আকরাম ছাড়াও আফ্রিদি অবশ্য পাশে পাচ্ছেন আবদুল কাদিরকে। সাবেক প্রধান নির্বাচক কাদির বলেছেন, ‘বর্তমান পরিস্থিতির মধ্যে আফ্রিদিই সবচেয়ে ভালো বিকল্প। আমার মনে হয়, একজন সহ-অধিনায়ককে ঠিকমতো গড়ে তোলা না পর্যন্ত ওকেই দায়িত্ব দিয়ে রাখা উচিত।’ ইউনুসের ‘না’পিসিবির নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতে গেছেন ইউনুস। মামলার শুনানি চলছে। এরই মধ্যে ৩৫ জনের প্রাথমিক দলে তাঁর নাম দেখে একটা গুঞ্জন ছড়িয়েছিল, পিসিবি হয়তো নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে চলেছে। পিসিবির একটি সূত্রও নিশ্চিত করেছে, সাবেক অধিনায়কের কাছে সমঝোতা প্রস্তাব পাঠিয়েছিল পিসিবি। তাঁকে বলা হয়েছিল মামলা তুলে নিতে, পিসিবিও প্রত্যাহার করে নেবে নিষেধাজ্ঞা। কিন্তু ‘পাঠান’ ইউনুস এই সমঝোতায় রাজি নন। তিনি আদালতের মাধ্যমেই নিজেকে নিষ্কলুষ প্রমাণ করতে চান। আর তাই ফিরিয়ে দিয়েছেন পিসিবির সমঝোতা প্রস্তাব। পিটিআই, ওয়েবসাইট।