আফ্রিদির বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া হরভজনের
দুই দিন আগেই পাকিস্তানের এক টেলিভিশন চ্যানেলের ‘টকশো’তে উপস্থিত হয়ে ভারতীয়দের ধুয়ে দিয়েছিলেন পাকিস্তানের অধিনায়ক শহীদ আফ্রিদি। বলেছিলেন, ভারতীয়রা ঠিক পাকিস্তানি ও মুসলমানদের মতো নয়, তাদের মন-মানসিকতা খুবই ‘সংকীর্ণ।’ ভারতসহ বিভিন্ন দেশের গণমাধ্যম এটিকে ভারতের বিপক্ষে পাকিস্তানের আরও একটি যুদ্ধ হিসেবেই চিত্রিত করেছে।আফ্রিদি অবশ্য কালই জানিয়ে দিয়েছেন, তিনি কথাগুলো ঠিক ‘ওভাবে’ বলেননি। টেলিভিশন আলোচনায় বলা কিছু কথা অপ্রাসঙ্গিকভাবে সামনে তুলে ধরে মিডিয়া অযথাই এটা বেচে খাওয়ার চেষ্টা করছে।আফ্রিদি কথাগুলো কীভাবে বলেছেন, কোন প্রসঙ্গে বলেছেন, তা অবশ্য একেবারেই গৌণ ‘ভাজ্জি’ হরভজন সিংয়ের কাছে। জলন্ধরের এই ‘অ্যাংরিম্যান’ খুব উত্তেজিত হয়েই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ‘ওপারের’ পাঠান আফ্রিদির বক্তব্যে।‘ভারতীয়রা যদি সংকীর্ণমনা হতো, তাহলে তারা কখনোই এত উন্নতি করতে পারত না।’ হরভজনের কথায় স্পষ্টতই ক্ষোভের সুর।এরপর একটু নমনীয় হয়েই হরভজন বলেছেন, ‘আফ্রিদির কথা একেক জায়গায় একেক রকম। এক জায়গায় সে বলেছে, ভারতীয়দের আতিথেয়তায় সে মুগ্ধ, সে ভারতীয়দের ভালোবাসে। আরেক জায়গাতেই সে ভারতীয়দের সংকীর্ণমনা বলেছে। ভারতীয়রা যদি অতিথিপরায়ণই হয়, তাহলে তাদের সে কীভাবে সংকীর্ণমনা বলতে পারে?’ ওয়েবসাইট।