আফ্রিদির বিদায়ে হতাশ ওয়াকার
পাকিস্তানি ক্রিকেট বোর্ডের ওপর অভিমান করে আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় বলে দিয়েছেন শহীদ আফ্রিদি। কয়েক দিন আগে শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজ সফরে দল নির্বাচনসহ নানা বিষয়ে কোচ ওয়াকার ইউনুসের সঙ্গেও তাঁর অনেক মনোমালিন্য হয়েছিল বলে জানা গিয়েছিল। এই উইন্ডিজ সফরের পরপরই অধিনায়কের দায়িত্ব কেড়ে নেওয়া হয় আফ্রিদির কাছ থেকে। তবে পাকিস্তানি এই অলরাউন্ডারের সঙ্গে ব্যক্তিগত কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন ওয়াকার ইউনুস। আফ্রিদির বিদায়কে পাকিস্তানি ক্রিকেটের জন্য একটা বিশাল ক্ষতি হিসেবেই দেখছেন পাকিস্তানের কোচ।আয়ারল্যান্ড সফর শেষে দেশে ফেরার পর ওয়াকার ইউনুস সাংবাদিকদের বলেছেন, ‘আফ্রিদির অবসর নেওয়ার খবরে আমি খুবই হতাশ হয়েছি। আমি জানি না, সে কেন এ ধরনের সিদ্ধান্ত নিল। কিন্তু আমার সঙ্গে তার কোনো ব্যক্তিগত সমস্যা নেই। আমি তার এই অবসরের খবর পত্রিকা মারফত জেনেছি। তবে আর কিছুদিনের মধ্যেই হয়তো ওয়েস্ট ইন্ডিজ সফর নিয়ে ক্রিকেট বোর্ডের সঙ্গে আমি কথা বলব। কিন্তু যে ঘটনাগুলো ঘটল, সেটা নিশ্চিতভাবেই পাকিস্তানি ক্রিকেটের জন্য ভালো হলো না।’ রয়টার্স।