আফ্রিদির বিরুদ্ধে পিসিবির কার্যক্রম স্থগিত
শুনানিতে অংশগ্রহণ বা কোনো আলোচনা নয়। শেষ পর্যন্ত বিষয়টা আদালত পর্যন্ত নিয়ে গেলেন শহীদ আফ্রিদি। প্রাথমিক সফলতাও পেয়েছেন কয়েক দিন আগে ‘শর্ত সাপেক্ষে’ অবসরের ঘোষণা দেওয়া এই ক্রিকেটার। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আফ্রিদির বিরুদ্ধে পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) যেসব কার্যক্রম চলছে, তা স্থগিত করেছেন সিন্ধু প্রদেশের হাইকোর্ট।‘পিসিবির শৃঙ্খলা কমিটির কার্যক্রম ও শাস্তির বিরুদ্ধে সিন্ধু হাইকোর্টে রিট করেছিলাম আমরা। আদালত কমিটির শুনানি স্থগিত করেছেন। আদালতের এই রায় পালন করতে বাধ্য পিসিবি’—ক্রিকইনফোকে বলেছেন আফ্রিদির আইনজীবী আলী জাফর।জাফর জানান, পরশু ৯ জুন পাকিস্তান ক্রিকেট বোর্ড ও ক্রীড়া মন্ত্রণালয়কে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের স্থগিতাদেশ অনুসারে, আফ্রিদিকে দেওয়া শাস্তি ও তাঁর বিরুদ্ধে চলা পিসিবির কার্যক্রম এখন বাতিল।হ্যাম্পশায়ারের হয়ে খেলতে লন্ডনে গিয়ে অবসরের ঘোষণা দেন আফ্রিদি। পাকিস্তানের সাবেক এই অধিনায়ক অভিযোগ করেন, পিসিবির ‘অন্যায় আচরণের’ কারণেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এ ঘটনায় আফ্রিদির জাতীয় চুক্তি স্থগিতসহ তাঁকে দেওয়া সব অনাপত্তিপত্র বাতিল করে পিসিবি। বোর্ডের গঠিত তিন সদস্যের কমিটির সামনে আগামীকাল বুধবার উপস্থিত হওয়ারও নির্দেশ দেওয়া হয়েছিল। তবে এসব কার্যক্রমকে ‘অবৈধ’ অভিযোগ করে আদালতের শরণাপন্ন হন আফ্রিদি। ওয়েবসাইট।