আফ্রিদির বেলা শেষের গান
বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য তাঁর নামই হয়ে গিয়েছিল ‘বুমবুম’। ওয়ানডে ক্রিকেটে অনেক দিনই শহীদ আফ্রিদি নামটি ছিল ব্যাটিংয়ের নিখাদ বিনোদন। ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে তাঁর ব্যাট অবশ্য সেভাবে কথা বলেনি কখনো। তবে ৬২ উইকেট নিয়ে টি-টোয়েন্টির ইতিহাসের সফলতম বোলারদের একজন আফ্রিদি। কিন্তু এবার শ্রীলঙ্কা টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের ছায়া হয়ে রইলেন। ব্যাট হাতে ছিলেন ব্যর্থতার প্রতিমূর্তি—৬ ম্যাচে করেছেন মাত্র ৩০ রান। বল হাতেও নিষপ্রভ, টি-টোয়েন্টি ক্যারিয়ারে যেখানে ইকোনমি রেট ৬.২২, সেখানে এই বিশ্বকাপে মাত্র ৭.১২। উইকেটও পেয়েছেন ৪টি। তা হলে কি আফ্রিদি উপাখ্যানের শেষ অধ্যায় এসে গেছে?৩২ বছর বয়স অবশ্য এমন কিছু নয়, তবে ফর্ম তাঁর হয়ে কথা বলছে না। গত পরশু শ্রীলঙ্কার বিপক্ষে ‘গোল্ডেন ডাক’ পেয়ে ড্রেসিংরুমে গিয়ে রেগেমেগে নিজের ব্যাট-হেলমেট ভেঙে ফেলেছেন। তাঁর দিকে উড়ে আছে সমালোচনার অজস্র তির। পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের অনেকেই বলছেন, আফ্রিদিকে পত্রপাঠ জাতীয় দল থেকে বিদায় দেওয়া উচিত। সাবেক পেসার আকিব জাভেদ মনে করেন, ২০১১ বিশ্বকাপের পরই অবসরে যাওয়া উচিত ছিল তাঁর, ‘আমি মনে করি, পাকিস্তান যখন ২০১১ বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নিল, তখনই আফ্রিদির অবসরের ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। ব্যাপারটা এমন, কয়েক বছর আগে সে পারফর্ম করেছিল বলে তাকে বারবার দলে নেওয়া হচ্ছে। কিন্তু সেটা তো হচ্ছে না। আর সীমিত ওভারের খেলা শুধু সতেজ তরুণদের জন্যই।’ শুধু আকিব নন, আফ্রিদি এই দুঃসময়ে পাশে পাচ্ছেন না কাউকেই। আরেক সাবেক ব্যাটসম্যান বাসিত আলী বলছেন আন্তর্জাতিক ক্রিকেটের পাট চুকিয়ে এবার আফ্রিদির উচিত বিদেশি লিগগুলোতেই সময় দেওয়া। আলোচিত আরেক সাবেক সরফরাজ নেওয়াজেরও একই মত, ‘সে দলে একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। এখন নির্বাচকদের তাঁর বিকল্প খোঁজা উচিত।’ সাবেক লেগ স্পিনার মুশতাক আহমেদ অবশ্য ভিন্ন কথা বলেছেন। চোটই নাকি আফ্রিদির এমন নিষপ্রভ থাকার কারণ। কারণ যা-ই হোক, আফ্রিদির আন্তর্জাতিক ক্যারিয়ার নিশ্চিতই বিদায়ের ঘণ্টাধ্বনি শুনছে। ওয়েবসাইট।