আফ্রিদির ভাবনায় এখন বিশ্বকাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবসর নিতে চেয়েছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে হেডিংলি টেস্ট শেষে। কিন্তু ঊরুর ইনজুরির জন্য সেটা যে আর হচ্ছে না, তা জানা গিয়েছিল আগেই। শহীদ আফ্রিদি তাই ফিরে গেছেন দেশে। লর্ডস টেস্টটাই তাই আফ্রিদির শেষ, সেটা এখন নিশ্চিত করেই বলা যায়। তবে ইংল্যান্ড ছাড়ার আগে বলেছেন, ফিরবেন শিগগিরই। দলকে নেতৃত্ব দেবেন ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে। শুধু তা-ই নয়, ওই সিরিজ দিয়েই শুরু করতে চান বিশ্বকাপ প্রস্তুতি। পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক দলকে জেতাতে চান ২০১১ বিশ্বকাপ।অস্ট্রেলিয়া সিরিজের পরই ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে পাকিস্তান। ২৯ জুলাই ট্রেন্ট ব্রিজ টেস্ট দিয়ে শুরু হবে চার টেস্টের সিরিজ, এরপর আছে দুটি টি-টোয়েন্টি ও পাঁচটি ওয়ানডে। দেশে ফেরার আগে আফ্রিদি জানালেন তাঁর ভবিষ্যৎ ভাবনা, ‘আমার যেটা সঠিক মনে হয়েছে, আমি সেই সিদ্ধান্তই নিয়েছি। এখন আমার সব মনোযোগ সীমিত ওভারের ক্রিকেটের দিকে। ইংল্যান্ড সিরিজটা হবে পরবর্তী বিশ্বকাপ জয়ের দিকে প্রথম পদক্ষেপ। আমি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছি, দেশের মাটিতে ইংল্যান্ড ও ভারতকে টেস্ট সিরিজে হারিয়েছি। আরও কিছু মাইলফলকও অর্জন করেছি। খেলা ছাড়ার আগে বিশ্বকাপটা জিততে চাই।’আফ্রিদি টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পর পাকিস্তান ক্রিকেটের চিরায়ত রীতি মেনেই বাতাসে উড়ছে দলীয় কোন্দলের নানা কাহিনি। তবে এসব গুজব উড়িয়ে দিয়েছেন এই অলরাউন্ডার, ‘দল পুরোপুরি ঐক্যবদ্ধ, কোনো সমস্যা নেই। আমি দলের স্বার্থেই অধিনায়কত্ব ছেড়েছি এবং আশা করি, টেস্টের মেজাজ আছে এমন একজন তরুণ দলের হাল ধরবে। আমি মনে করি, দলে এমন ক্রিকেটার আরও আছে যারা বড় দৈর্ঘ্যের ক্রিকেটের উপযুক্ত নয়। তাদের সংক্ষিপ্ত পরিসরের ক্রিকেটে মনোযোগ দেওয়ার পরামর্শ দিব আমি।’ আফ্রিদি ইংল্যান্ড ফিরতে পারেন আগামী রোববারই। টেস্ট খেলার জন্য কাউন্টি দল হ্যাম্পশায়ারের সঙ্গে চুক্তিটি বাতিল করেছিলেন। এখন টেস্ট থেকে অবসর নিয়েছেন, হ্যাম্পশায়ার চলতি টি-টোয়েন্টি প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে উঠলে খেলবেন তাদের হয়ে।ইংল্যান্ড ছাড়ার আগে অবশ্য ‘এই পরিস্থিতিতে করণীয়’ নিয়ে জরুরি এক সভা করে গেছেন আফ্রিদি। সভার উদ্যোক্তা ছিলেন পিসিবির চেয়ারম্যান ইজাজ বাট। আফ্রিদি ছাড়াও ছিলেন কোচ ওয়াকার ইউনুস, ম্যানেজার ইয়াওয়ার সাঈদ, শোয়েব মালিক, কামরান আকমল, সালমান বাট ও উমর গুলের মতো সিনিয়র ক্রিকেটাররা। পিসিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সভায় সবাই আফ্রিদির সাহসী সিদ্ধান্তের প্রশংসা করেছেন, দল গঠনে ভূমিকার জন্য আফ্রিদিকে ধন্যবাদও জানিয়েছেন। মোহাম্মদ ইউসুফ ও ইউনুস খানকে ফেরানোর প্রসঙ্গ সভায় উঠলেও ম্যানেজার জানিয়েছেন, এই দুজনের ব্যাপারে এককভাবে সিদ্ধান্ত নেবেন পিসিবির চেয়ারম্যান ইজাজ বাট।বাট কিন্তু ইঙ্গিত দিয়েছেন, ইংল্যান্ডের বিপক্ষে সিরিজেই দেখা যেতে পারে এই দুজনকে, ‘ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচ আছে। তাদের তাই বিবেচনা করা হতে পারে। তবে সবকিছুই নির্ভর করছে টিম ম্যানেজমেন্ট তাদের ফিটনেসে সন্তুষ্ট কিনা তার ওপর।’ সারের হয়ে কাউন্টি খেলার জন্য ইউনুস এখন ইংল্যান্ডেই আছেন। অবসর নেওয়ার পর ইউসুফ সম্প্রতি প্রথম মাঠে নেমেছিলেন নিজ শহর লাহোরের প্রিমিয়ার লিগে। ওয়েবসাইট।