আফ্রিদির সামনে আশার আলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে জায়গা পাননি। অনেকে বলছেন, ওয়ানডে ক্যারিয়ারই শেষ হয়ে গেছে শহীদ আফ্রিদির। তবে ফর্ম-খরায় থাকা তারকা এই অলরাউন্ডারকে আশার কথা শোনালেন ওয়ানডে অধিনায়ক মিসবাহ-উল-হক। এমনকি, প্রধান নির্বাচক ইকবাল কাশিমও।‘আফ্রিদিকে বাদ দেওয়া সহজ সিদ্ধান্ত নয়। টি-টোয়েন্টি সিরিজে ভালো পারফর্ম করলে ওয়ানডে দলে ফিরিয়ে আনা হতে পারে তাঁকে।’ গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে মিসবাহ এ কথা বলেন বলে জানিয়েছে পাকিস্তানি দৈনিক ‘ডন’।প্রধান নির্বাচক ইকবাল কাশিম বলেন, ‘আফ্রিদি একজন অভিজ্ঞ খেলোয়াড়। আমরা তাঁকে টি-টোয়েন্টিতে পুরো মনোযোগ দেওয়ার সুযোগ দিয়েছি। কারণ, ওয়ানডেতে তাঁর সাম্প্রতিক ফর্ম ভালো নয়। তবে টি-টোয়েন্টিতে ভালো করতে পারলে তাঁর ওয়ানডেতে ফেরার সুযোগ রয়েছে।’দুটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে ২২ ডিসেম্বর ভারতে যাচ্ছে পাকিস্তান দল। দ্বিপক্ষীয় এই সিরিজ সামনে রেখে গত সপ্তাহে টি-টোয়েন্টি ও ওয়ানডের জন্য আলাদা দল ঘোষণা করেন পাকিস্তানি নির্বাচকেরা। টি-টোয়েন্টি দলে থাকলেও ওয়ানডেতে রাখা হয়নি আফ্রিদিকে। নির্বাচকদের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন সাবেক ক্রিকেটাররা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআই এর আগে জানিয়েছিল, ওয়ানডে দলে আফ্রিদিকে চেয়েছিলেন মিসবাহ-উল-হক। তবে অধিনায়কের চাওয়ার মূল্য দেননি পাকিস্তানি নির্বাচকেরা।আফ্রিদির সাম্প্রতিক ফর্ম খুবই বাজে। সর্বশেষ ১০ ওয়ানডেতে কোনো হাফ সেঞ্চুরি নেই, সংগ্রহ মাত্র ৮৫ রান। পড়তি ফর্মের আফ্রিদিকে দলে নেওয়ার দাবির পেছনে মিসবাহর যুক্তি ছিল, আফ্রিদি একজন ম্যাচ উইনার। কঠিন পরিস্থিতিতে তাঁর অভিজ্ঞতা কাজে লাগতে পারে। এ ছাড়া আফ্রিদির মতো একজন খেলোয়াড় থাকলে ভারতীয় দলের ওপর মানসিক চাপ বহু গুণ বেড়ে যাবে। তবে পরবর্তী বিশ্বকাপের লক্ষ্যে দল গড়ার কথা বলে আফ্রিদিকে বাইরে রাখার সিদ্ধান্তে অটল থাকেন নির্বাচকেরা।