নিজের পারফরম্যান্স থেকে শুরু করে সবকিছুই তাঁর বিপক্ষে। ভারতের বিপক্ষে হারায় দেশের মানুষের রোষানলেও তাই শহীদ আফ্রিদিকেই পুড়তে হচ্ছে বেশি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান শাহরিয়ার খান তো বলেই দিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান জিতলেও নাকি অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে তাঁকে!
এমনিতে সামাজিক যোগাযোগমাধ্যমে আফ্রিদি বেশ সক্রিয়। তবে এই দুঃসময়ে ফেসবুক ও টুইটার থেকে নিজেকে সতর্কতার সঙ্গে দূরে সরিয়ে রেখেছেন পাকিস্তান অধিনায়ক, ‘আমি জানি মানুষ কীভাবে প্রতিক্রিয়া দেখায়। সে কারণেই আমি ফেসবুক ও টুইটার থেকে দূরে থাকি। টুর্নামেন্ট শুরুর আগেও তো কতজন আমাদের সম্ভাবনা নাকচ করে দিয়েছিল।’
ভারতের বিপক্ষে ম্যাচে তাঁর দল যে কিছু ভুল করেছে, সেটি মেনে নিচ্ছেন তিনিও। স্পিন সহায়ক উইকেটে চার পেসার নিয়ে খেলাটা বড় ভুল ছিল। তবে বিশ্বকাপের মাঝে দল নিয়ে অতি প্রতিক্রিয়া দেখানোটা ভালো চোখে দেখছেন না আফ্রিদি, ‘অতিরিক্ত সমালোচনা করলে দলে অস্থিরতা তৈরি হয়, দলে অস্থিরতা তৈরি হলে নিজেদের সমস্যা নিয়ে কাজ করতে অসুবিধা হয়।’ এএফপি।