আফ্রিদির ‘শর্তসাপেক্ষ’ অবসর
কেউ টেস্ট ছেড়ে শুধু ওয়ানডে খেলেন, কেউ ওয়ানডে ছেড়ে টেস্ট। কেউবা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে খেলেন শুধু ঘরোয়া ক্রিকেট। বিশ্ব ক্রিকেট এবার দেখল নতুন এক ধরনের অবসর। আন্তর্জাতিক ক্রিকেট থেকে ‘শর্তসাপেক্ষ’ অবসর নিয়েছেন শহীদ আফ্রিদি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অসম্মানের প্রতিবাদে এই সিদ্ধান্ত। এই বোর্ড বদলে অন্য কোনো বোর্ড এলেই আবার ফিরে আসবেন। ‘অবসর’ না বলে এটাকে তাই বলা যায় অভিমানে নিজেকে সরিয়ে নেওয়া!হ্যাম্পশায়ারের হয়ে ইংলিশ টি-টোয়েন্টি কাপে খেলার জন্য আফ্রিদি এখন লন্ডনে। সেখান থেকেই পাকিস্তানের জিয়ো টিভিকে বলেছেন ক্ষোভ ও অভিমানের কথা, ‘একজন মানুষের সম্মানের চেয়ে বড় আর কিছু নেই। বোর্ড আমার সঙ্গে যা করেছে...সবকিছুর একটা সীমা থাকা দরকার। এই বোর্ডের অধীনে আমি খেলব না। যদি অন্য বোর্ড আসে, তাহলে অবশ্যই ফিরব। আজেবাজে লোকজনের কাছ থেকে যখন এ ধরনের অসম্মান পেতে হয়, তখন আর খেলা চালিয়ে যাওয়ার কী মানে? আমার সঙ্গে যে ধরনের ব্যবহার করা হয়েছে...ভবিষ্যৎ মোটেও মেনে হচ্ছে না। এমন বোর্ডের অধীনে খেলতে চাই না, যারা নিজেদের খেলোয়াড়দেরই সম্মান দেয় না। এর প্রতিবাদেই এটা শর্তসাপেক্ষ অবসর।’গত ১৯ মে কোনো কারণ না দেখিয়ে ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয় আফ্রিদিকে। পিসিবির প্রধান ইজাজ বাট পরে বলেছেন ‘শক্ত’ কারণ আছে। আফ্রিদির অবসরে বিস্মিত বাট কাল বলেছেন, ‘আচরণবিধি অমান্য করাতেই আফ্রিদিকে সরানো হয়েছে। ওয়েস্ট ইন্ডিজে দল নির্বাচন নিয়ে কোচের সঙ্গে আফ্রিদির ঝামেলা আর দেশে ফিরে সংবাদমাধ্যমে মুখ খোলায় আফ্রিদির ওপর অসন্তুষ্ট ছিল বোর্ড। দ্বিতীয় কারণে এর আগেও একবার তাঁকে সতর্ক করেছিল বোর্ড। বাবার চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে আফ্রিদি ফোন করেছিলেন বাটকে, বাট নাকি তখন আশ্বাস দিয়েছিলেন এটা এমন গুরুতর কিছু নয়। কিন্তু যুক্তরাষ্ট্র থেকেই শুনলেন তাঁকে সরিয়ে দেওয়ার খবর।শুধু এই অভিমানই নয়, আফ্রিদির ক্ষোভ আছে তাঁর অধিনায়কত্বের সময় বোর্ডের ভূমিকাতেও, ‘যখন অধিনায়কত্ব দেওয়া হলো, আমাকে কিছুই বলা হয়নি। লম্বা কোনো সময় দেওয়া হয়নি। দল কেমন, কী হবে কিছুই বলা হয়নি। আমি একটা ভাঙাচোরা দল পেয়েছিলাম। স্পট ফিক্সিং বিতর্কে দল তখন দিশেহারা, এরপর জুলকারনাইনের ঘটনা। কিন্তু আমার দল ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকাকে ঘামিয়ে ছেড়েছে। এরপর নিউজিল্যান্ডে গিয়ে সিরিজ জিতেছি, বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছি। ওয়েস্ট ইন্ডিজেও সিরিজ জিতলাম। হয়তো আমি তাদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছিলাম।’এত ‘অসম্মানের’ পেছনে একটা ষড়যন্ত্র-তত্ত্বও খুঁজে পেয়েছেন ওয়ানডের দ্রুততম সেঞ্চুরিয়ান ও সর্বোচ্চ ছক্কার মালিক। পাকিস্তান ক্রিকেটে করাচি-লাহোর দ্বন্দ্ব অনেক পুরোনো। করাচির ক্রিকেটারদের সুযোগ দেওয়া হচ্ছে না বলে কিছুদিন ধরে অনেক হইচই করছেন করাচির কর্মকর্তারা। সারা জীবন করাচিতে কাটানো আফ্রিদির বিশ্বাস, লাহোরপন্থীরা তাঁর বিরুদ্ধে চেয়ারম্যানের কান বিষিয়ে তুলেছেন। তবে যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা, কোচের সঙ্গে সেই দ্বন্দ্ব নিয়ে কিছুই বলেননি আফ্রিদি। তবে সংবাদমাধ্যমে মুখ খোলা নিয়ে তাঁর যুক্তি, ‘অধিনায়ক হয়ে আমি যদি কথা না বলি, তাহলে কি দলের অন্যরা বলবে?’ ওয়েবসাইট।