আফ্রিদির '৪০০'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফ্রিদির চিরচেনা রূপের দেখা মিলল আবারও। ২৭ বলে ৪৬ রানের পথে গড়লেন আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০তম ছক্কার রেকর্ড ছবি: ক্রিকইনফো।
আফ্রিদির চিরচেনা রূপের দেখা মিলল আবারও। ২৭ বলে ৪৬ রানের পথে গড়লেন আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০তম ছক্কার রেকর্ড ছবি: ক্রিকইনফো।

রান করতে হবে দ্রুততম সময়ে—শহীদ আফ্রিদির ব্যাটিং-দর্শনটা এমনই। ধুন্ধুমার ব্যাটিং করায় তাঁর নামের সঙ্গে যুক্ত হয়েছে ‘বুম বুম’ শব্দটি। ওয়ানডে ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরির (৩৭ বলে) মালিক গত রাতে গড়লেন অনন্য এক রেকর্ড। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৪০০তম ছক্কা হাঁকালেন পাকিস্তানি এই ক্রিকেটার।

নামের পাশে ৩৯৮ ছক্কা নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ব্যাট হাতে নেমেছিলেন আফ্রিদি। ১১.১ ওভারে দলের সংগ্রহ ৪ উইকেটে ৮৬ রান। ৫৪ বলে প্রয়োজন আরও ৬৭ রান। প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে ক্যারিবীয়দের বুকে কাঁপন ধরিয়ে দেন আফ্রিদি। ৪০০তম ছক্কার মাহেন্দ্রক্ষণটি আসে ম্যাচের ১৬তম ওভারে। সুনীল নারাইনের বল লং-অনের ওপর দিয়ে গ্যালারিতে বল আছড়ে ফেলেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। এর পর অবশ্য কোনো ছক্কা হাঁকাতে পারেননি আফ্রিদি।

রেকর্ড গড়ার রাতে ম্যাচ সেরার পুরস্কারটাও জিতেছেন। সেটা ব্যাটিংয়ের কল্যাণেই। ২৭ বলে ৪৬ রানের ঝোড়ো ইনিংস খেলে পাকিস্তানের জয়ের পথটা মসৃণ করে দেন তো আফ্রিদি।টি-টোয়েন্টিতে আফ্রিদির ছক্কার সংখ্যা ৩৪। ওয়ানডে ও টেস্টে হাঁকিয়েছেন যথাক্রমে ৩১৪ ও ৫২ ছক্কা। আন্তর্জাতিক ক্রিকেটে ছক্কার হিসাবে আফ্রিদির ঠিক পরের অবস্থানটা ক্রিস গেইলের। ক্যারিবীয় এই বিধ্বংসী ব্যাটসম্যান এ পর্যন্ত হাঁকিয়েছেন ৩৫৩ ছক্কা। সূত্র: এনডিটিভি।

আজকের ভারত-জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ম্যাচের আপডেট পেতে C  লিখে এসএমএস করুন 2221    নম্বরে