আবদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঐশ স্টিফেন রোজারিওর গায়ে মেসির ১০ নম্বর জার্সি। রূপসী বাংলা হোটেলের লবিতে বাবার হাত ধরে ঘোরাঘুরি করছিল। একটু পরপর বাবাকে জিজ্ঞাসা করে, ‘বাবা, কখন আসবে মেসি?’ সেই ভোররাতে উঠে বসে আছে ঐশ। কারণ একটাই—মেসিকে একনজর দেখা। পাশে দাঁড়ানো বাবা লিটন রোজারিও বললেন, ‘মেসিকে দেখবে বলে রাত চারটার সময় আমাকে ঘুম থেকে জাগিয়েছে। এখন ঘুমে ঢুলে পড়ছে, তবু কোথাও বসবে না। একটু পরপর অভ্যর্থনা পথের দিকে তাকায় আর উসখুস করে।’ আর্জেন্টাইন সাংবাদিক দানিয়েল তাঁর ছবি তোলার পর বাবার কাছে আবদার করে বসে, ‘মেসির সঙ্গে একটা ছবি তুলে দিতে হবে।’ সেটা সম্ভব নয় জানাতেই ঐশর ফরসা মুখে ঘনাল আঁধার।