আবদুল্লাহর টানা তিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময় আন্তর্জাতিক শ্যুটিংয়ে পুরুষ ১০ মিটার এয়ার রাইফেলে বাংলাদেশ অনেক সাফল্য পেয়েছে। কিন্তু সেই সাফল্য এখন ম্লান। ২০০২ কমনওয়েথ গেমসে এই ইভেন্টে সোনাজয়ী আসিফ হোসেন খান এখন নিজের ছায়া। তরুণ আবদুল্লাহ হেল বাকি প্রতিশ্রুতি জাগিয়েও থমকে আছেন। তবে ঘরোয়া প্রতিযোগিতায় বাকির হাতেই রয়েছে এই ইভেন্টের শ্রেষ্ঠত্ব।কাল জাতীয় শ্যুটিংয়ে শেষ দিনে পুরুষ ১০ মিটার এয়ার রাইফেলে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন হলেন আবদুল্লাহ। অনেক দিন পর দৃশ্যপটে এসে সেনাবাহিনীর ইমাম হোসেন দ্বিতীয় আর নিজেকে হারিয়ে খোঁজা আসিফ তৃতীয়।ইভেন্টটিতে জাতীয় রেকর্ড আসিফের (২০০৯ সালে ৬০০তে ৫৯৫)। কাল আবদুুল্লাহ করেছেন ৫৯৩। আসিফ ও ইমামের স্কোর ৫৯০ করে। শুটঅফের শেষ শটের আগ পর্যন্ত দ্বিতীয় স্থানে থেকেও আসিফ হয়ে যান তৃতীয়। ইমাম শেষ শটে করেছেন ৯.৩। আসিফ করেন ৮.৮। বাকির চূড়ান্ত স্কোর ৬৯১.৬, ইমাম ৬৮৯, আসিফ ৬৮৮.৭। বিকেএসপির ছাত্র আবদুল্লাহ সম্প্রতি স্নাতক পাস করেছেন। যোগ দিয়েছেন ঢাকা রাইফেল ক্লাবে। তবে যেতে চান বহু দূর, ‘আমার লক্ষ্য আরও ভালো স্কোর করে আন্তর্জাতিক সাফল্য নিয়ে আসা।’ আগের দিন মেয়েদের ১০ মিটারে সর্বোচ্চ ৪০০তে ৩৯৩ করেছেন নারায়ণগঞ্জের মেয়ে সুরাইয়া আক্তার। খুব ভালো নয়। আবার খুব খারাপও নয়। তবে সামগ্রিকভাবে পাঁচ দিনের এবারের জাতীয় প্রতিযোগিতা (১০টি ইভেন্ট) রেকর্ড দেখল না, যা দেশের শ্যুটিং এগিয়ে চলার পক্ষে মোটেও আশাপ্রদ বিজ্ঞাপন নয়। কিছু ইভেন্টের অবস্থা তো খুবই হতাশাব্যঞ্জক।এ অবস্থায় পুরোনোরা ফিরছেন। কাল ৫০ মিটার পিস্তলে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আবদুস সাত্তার নিনি ও আতিকুর রহমান। অনেক দিন পর তাঁরা শ্যুটিংয়ে ফিরে নিজেদের একটু দেখে নিলেন। আর একটু হলে আতিক ব্রোঞ্জও জিততে পারতেন। ৬০০তে আতিকের ৫০৩, নিনির ৪৯১। তৃতীয় হওয়া রায়হানুলের স্কোর ৫০৮। ৫১৭ করে দ্বিতীয় মহেন্দ্র কুমার, ৫৩৫ স্কোর করে প্রথম সাভার সেনা শ্যুটিং ক্লাবের ইকবাল হোসেন। অথচ ৫৪৪ স্কোর করে ইভেন্টটি আতিকই অনেক আগে গড়েছেন জাতীয় রেকর্ড। কাল প্রতিযোগিতা শেষে আতিক বললেন, ‘অনুশীলন করলে স্কোর ভালো হবে। আমরা আশাবাদী।’প্রতিযোগিতায় ৪ সোনা, ৩ রুপা ও ৪ ব্রোঞ্জ জিতে চ্যাম্পিয়ন ঢাকা রাইফেল ক্লাব। রানার্সআপ সাভার সেনা শ্যুটিং ক্লাব পেয়েছে ২ সোনা, ১ রুপা ও ১ ব্রোঞ্জ। বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি সেরা খেলোয়াড় হিসেবে ক্রেস্ট উপহার দিয়েছে দুটি করে সোনাজয়ী সাবরিনা সুলতানা ও ইকবাল হোসেনকে।