আবদুল্লাহর পাশে এখন অনেকেই
একজোড়া রানিং শুয়ের জন্য আক্ষেপ ছিল তার। নাটোরের কিশোর আবদুল্লাহ হাসান বন্ধুদের জুতা ধার করে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিত। গত পরশু এক বন্ধুর কাছ থেকে জুতা ধার করে জুনিয়র অ্যাথলেটিকসের ১০০ মিটার স্প্রিন্টের বাছাইয়ে অংশ নিয়েছিল। বিকেলে আরেক অ্যাথলেট বন্ধুর জুতা পরেই হয়েছে চ্যাম্পিয়ন। কাল প্রথম আলোর খেলার পাতায় এই প্রতিবেদন ছাপা হওয়ার পর অনেকেই এগিয়ে এসেছেন তাকে সাহায্য করতে।
এরই মধ্যে ইলেকট্রনিকস পণ্যসামগ্রী নির্মাণ প্রতিষ্ঠান ওয়ালটন তাকে একজোড়া রানিং শু, দুই সেট অ্যাথলেটিকস ট্র্যাকস্যুট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ওয়ালটনের গেমস ও স্পোর্টস বিভাগের প্রধান এফ এম ইকবাল বিন আনোয়ার জানিয়েছেন, ‘আমরা প্রথম আলো পত্রিকার মাধ্যমে ঘটনাটা জানতে পেরেছি। এরপরই সিদ্ধান্ত নিই ছেলেটিকে একজোড়া রানিং শু এবং ট্র্যাকস্যুট দেব। অনুশীলনের জন্য এককালীন কিছু অর্থও ওর হাতে তুলে দেব।’ শুধু ওয়ালটনই নয়, এগিয়ে এসেছেন আরও অনেকে৷ নাটোরের অ্যাথলেটিকস কোচ মিজানুর রহমান কালই আবদুল্লাহর বিকাশ অ্যাকাউন্টে আট হাজার টাকা পাঠিয়ে দিয়েছেন।
এ ছাড়া চিকিৎসক সিদ্ধার্থ মজুমদার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার সৈয়দ মোবারক, ব্যবসায়ী শরিফুস সালেকিন এবং চাকিরজীবী মাহমুদ হাসানও আবদুল্লাহকে জুতা কিনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। উচ্ছ্বসিত আবদুল্লাহ বলছিল, ‘না চাইতেই এত কিছু পেয়ে যাব স্বপ্নেও ভাবিনি। খুবই ভালো লাগছে আমার!’