আবার অনিশ্চিত জাপান
জাপানের কোপা আমেরিকায় খেলা নিয়ে আবারও দেখা দিয়েছে অনিশ্চয়তা। আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা বলছেন, কোপা আমেরিকায় জাপানের অংশ নেওয়ার বিষয়টি নিয়ে তাঁরা এখন হতাশ। আগামী জুলাইতে আর্জেন্টিনায় বসছে কোপা আমেরিকার আসর। এই টুর্নামেন্টে অতিথি দল হিসেবে অংশ নেওয়ার কথা জাপানের। প্রথমে রাজি হলেও গত মার্চ মাসের ভয়াবহ ভূমিকম্প এবং সুনামির কারণে অনিশ্চয়তা তৈরি হয়। শেষ পর্যন্ত জাপান ফুটবল অ্যাসোসিয়েশন অবশ্য অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করে। কিন্তু নতুন সমস্যার উদ্ভব তাদের ইউরোপিয়ান লিগে খেলা সব খেলোয়াড়কে নিয়ে। নতুন মৌসুম শুরুর আগে বিভিন্ন ইউরোপিয়ান লিগে খেলা জাপানি খেলোয়াড়েরা ছাড়া পাবে কি না নিশ্চিত নয়। আর এসব খেলোয়াড়কে ছাড়া জাপান দলটি শক্তিশালী হবে না। ‘এ সপ্তাহের শেষ পর্যন্ত আমাদের দেখতে হবে। জাপানিজ ফেডারেশন ইউরোপের ক্লাবগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে বিষয়টি জটিল হয়ে উঠছে’—জানিয়েছেন আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের মুখপাত্র আরনেস্তো চেরকিস বিয়ালো। এএফপি।