আবার অনিশ্চয়তা প্রিমিয়ার লিগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার ক্রিকেট লিগের আকাশে আবারও অনিশ্চয়তার মেঘ। দুই মাস বন্ধ থাকার পর কাল থেকে সুপার লিগের বাকি ম্যাচগুলো শুরু হওয়ার কথা থাকলেও ঝামেলা বেধেছে নতুন করে। মোহাম্মদ ইউসুফের জায়গায় একজন বাড়তি বিদেশি খেলোয়াড় নিবন্ধনের অনুমতি না পেয়ে এবার না খেলার হুমকি দিয়েছে ভিক্টোরিয়া।ইউসুফের নিবন্ধন জটিলতায় ২৮ মার্চ থেকে অচল হয়ে আছে সুপার লিগ। অনেক নাটকের পর ছয় ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে বোর্ড সভাপতির সভায় আবার লিগ শুরুর তারিখ ঠিক হয়েছিল। ভিক্টোরিয়ার দাবি, ইউসুফকে এবারের লিগে আর খেলতে না দেওয়ার সিদ্ধান্তের সঙ্গে ওই সভায় ইউসুফের বিকল্প খেলোয়াড় আনার অনুমতিও দেওয়া হয়েছিল ভিক্টোরিয়াকে। কিন্তু বোর্ড এখন বাড়তি খেলোয়াড় নিবন্ধন করাতে দিচ্ছে না। ক্লাবের ক্রিকেট কর্মকর্তা তারিকুল ইসলাম কাল ক্ষোভের সঙ্গে বলেন, ‘হয় বোর্ড ইউসুফকে খেলতে দিক। অথবা প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের নতুন খেলোয়াড় আনতে দিক। আগামীকাল (আজ) রাতের মধ্যে নতুন খেলোয়াড় আনার অনুমতি না পেলে আমরা পরশু (আগামীকাল) ম্যাচ খেলব না। আবাহনীর বিপক্ষে ম্যাচ রেফারি ভিক্টোরিয়াকে ২ পয়েন্ট দিয়েছিল। আমরা সেই সিদ্ধান্ত নিয়ে আদালতে যাব।’জানা গেছে, ইউসুফের বিকল্প হিসেবে অন্য বিদেশি আনার সুযোগ চেয়ে সিসিডিএমের কাছে লিখিত আবেদন করেছে ভিক্টোরিয়া। সিসিডিএম সেই আবেদন বোর্ডের গোচরে আনলেও বোর্ড তাতে সাড়া দিচ্ছে না। এ ব্যাপারে বিসিবির সভাপতি আ হ ম মুস্তফা কামালের অবস্থান বেশ অনড়, ‘এবার লিগে আটজনের জায়গায় ১০ জন বিদেশি খেলোয়াড় নিবন্ধনের সুযোগ দেওয়া হয়েছে। ভিক্টোরিয়া এই কোটা পূরণও করে ফেলেছে। এখন আরেকজন খেলোয়াড় নিবন্ধন করানো মানে তাদের বিদেশি খেলোয়াড় ১১ জন হয়ে যাওয়া। বাড়তি খেলোয়াড় নিবন্ধনের সুযোগ দিতে হলে তো সব ক্লাবকেই দিতে হবে।’ ইউসুফের বিকল্প হিসেবে ভিক্টোরিয়াকে অতিরিক্ত বিদেশি খেলোয়াড় নিবন্ধন করানোর প্রতিশ্রুতি দেওয়ার কথাও অস্বীকার করেছেন তিনি।