আবার অপেক্ষায় তেভেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাই যাই করেও যেতে পারলেন না পুরোনো ক্লাব করিন্থিয়ানসে। সময়-স্বল্পতার ফাঁদে পড়ে চুক্তি না হওয়ায় আপাতত থাকতে হচ্ছে ম্যানচেস্টার সিটিতেই। তাই পরিবারের কাছাকাছি থাকতে দক্ষিণ আমেরিকায় ফেরা হলো না কার্লোস তেভেজের। তবে এতে হতাশ নন এই আর্জেন্টাইন। তাঁর বিশ্বাস, অন্য কোনো ক্লাব নতুন প্রস্তাব নিয়ে এগিয়ে আসবে। সিটিও অবশ্য তেভেজের জন্য ক্রেতা খুঁজছে, মূল্য সেই ৫ কোটি পাউন্ডই।কাল তাঁর এজেন্ট কিয়া জুরাবখিয়ান বিবিসিকে বলেছেন, ‘আমরা অতটা উদ্বিগ্ন নই। সে চলে যেতে চেয়েছিল কিন্তু এখনো সে সিটির খেলোয়াড় এবং আমরা এই চুক্তির প্রতি শ্রদ্ধাশীল। আর কারা তাঁর জন্য (প্রস্তাব নিয়ে) আসে, সেটি দেখার অপেক্ষায় আছি আমরা।’এদিকে তেভেজকে ডেকে পাঠিয়েছে ম্যানচেস্টার সিটি। আর্জেন্টাইন স্ট্রাইকারকে ১৫ দিনের মধ্যে অনুশীলনে যোগ দিতে হবে। ক্লাব ছাড়ার ঘোষণা দিয়ে শেষ পর্যন্ত যেতে না পারলেও এর জন্য মূল্য দিতে হতে পারে তেভেজকে। ম্যান সিটির অধিনায়কত্বের সঙ্গে মূল দলে জায়গা হারানোর আশঙ্কাও আছে তাঁর। জায়গা হারাতে পারেন আর্জেন্টিনা সতীর্থ সার্জিও আগুয়েরোর কারণেই। প্রায় ৩ কোটি পাউন্ডে ম্যারাডোনার জামাইকে ম্যান সিটিতে নিয়ে আসার খুব কাছাকাছি চলে এসেছেন কোচ রবার্তো মানচিনি। এএফপি।