আবার অস্ট্রেলিয়ার সেরা ওয়াটসন
গত এক বছরে যা পারফরম্যান্স, তাতে তিনি না জিতলেই হতো বেশি বিস্ময়কর। তেমন কিছু হয়নি। অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার ‘অ্যালান বোর্ডার পদক’ প্রত্যাশামতোই জিতেছেন শেন ওয়াটসন। গতবারও এই পদক জিতেছিলেন, এর আগে টানা দুবার এটি জয়ের কৃতিত্ব ছিল শুধু রিকি পন্টিংয়ের। টেস্ট ও ওয়ানডের বর্ষসেরা পুরস্কারও পেয়েছেন ওয়াটসন, প্রথমবার প্রবর্তিত বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার ডেভিড হাসি। ২০০০ সাল থেকে মেলবোর্নের ক্রাউন ক্যাসিনোতে নিয়মিত হয়ে আসছে অ্যালান বোর্ডার পদকের অনুষ্ঠান। গতবারও ওয়ানডের বর্ষসেরা হয়েছিলেন ওয়াটসন, তবে এবার লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। মাইকেল ক্লার্ককে হারিয়েছেন মাত্র ১ পয়েন্টে। টেস্টে গতবারের সেরা সাইমন ক্যাটিচ এবার লড়াইয়েই ছিলেন না। এই পুরস্কারে মিচেল জনসনকে ওয়াটসন হারিয়েছেন ৪ পয়েন্টে। তবে অ্যালান বোর্ডার পদকের লড়াইটা ছিল একতরফা, মাইক হাসিকে (১৯৫) ওয়াটসন হারিয়েছেন ১০০ পয়েন্টে। টি-টোয়েন্টির পুরস্কারে ‘ছোট হাসি’ ২ পয়েন্টে হারিয়েছেন অধিনায়ক ক্যামেরন হোয়াইটকে। টানা তৃতীয়বার বর্ষসেরা মহিলা ক্রিকেটার হয়েছেন শেলি নিটশ্চকে, বর্ষসেরা রাজ্য ক্রিকেটার প্রত্যাশিতভাবেই উসমান খাজা। আর সেরা তরুণ ক্রিকেটারের ‘ব্র্যাডম্যান পদক’ জিতেছেন নিউ সাউথ ওয়েলসের পেসার ট্রেন্ট কোপল্যান্ড। ওয়েবসাইট।