গঠনতন্ত্র আর নির্বাচন নিয়ে বিতর্কে আবারও আদালতের কড়া নাড়ল বাংলাদেশের ক্রিকেট। বিসিবির নির্বাচনের আগে কমপক্ষে ৪৫ দিন বা যুক্তিসংগত সময় এবং নতুন করে তফসিল ঘোষণার জন্য আপিল করার অনুমতি চেয়ে আপিল বিভাগের কাছে আবেদন করেছেন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের সংগঠন ফোরামের সভাপতি ইউসুফ জামিল। আজ এ ব্যাপারে সিদ্ধান্ত হওয়ার কথা।
বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী এক দিন আগে অভিযোগ তুলেছিলেন, ২০১২ সালের ২৯ নভেম্বরের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন হলে সেটা হবে আদালত অবমাননার শামিল। কারণ আপিল বিভাগের প্রত্যায়িত কপি অনুযায়ী নির্বাচন হতে হবে ২০১২ সালের ২১ নভেম্বরের গঠনতন্ত্র অনুযায়ী। তবে ২০১২ সালের ২১ নভেম্বরের গঠনতন্ত্রের ব্যাপারে কারও কাছে কোনো তথ্য না থাকায় এবং প্রত্যায়িত কপির শুরুতে ২৯ নভেম্বরের গঠনতন্ত্রের কথাই উল্লেখ থাকায় শেষ পাতায় ‘২১ নভেম্বর’ তারিখটাকে মুদ্রণ প্রমাদ বলে ধারণা করা হচ্ছে।
সেটা হলেও যেহেতু এ কারণে নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক একটি পক্ষ আদালত অবমাননার শঙ্কায় মনোনয়নপত্র তোলেনি, আদালতের নির্দেশিত গঠনতন্ত্র অনুযায়ী নতুন নির্বাচনী তফসিল ঘোষণার মাধ্যমে সে সুযোগ চাচ্ছেন তাঁরা। মামলার বাদী ইউসুফ জামিলও কাল টেলিফোনে প্রথম আলোকে এ কথাই বললেন, ‘ওনারা কিসের ভিত্তিতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করলেন? ১৭২ জন কাউন্সিলর সারা দেশে ছড়িয়ে-ছিটিয়ে আছে। এর মধ্যে এত অল্প সময়ের মধ্যে নির্বাচন করার কি এতই প্রয়োজন? এ কারণেই আমরা নির্বাচনের আগে কমপক্ষে ৪৫ দিন সময় চেয়েছি। নতুন তফসিল ঘোষণার আবেদন করেছি।’
এদিকে কাল দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিভিন্ন অভিযোগ খণ্ডানোর চেষ্টা করে পাল্টা অভিযোগও এনেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। ২০০১ সালে সংবাদপত্রে প্রকাশিত কিছু প্রতিবেদন তুলে ধরে বলেছেন, ওই সময় সাবের হোসেন চৌধুরীও ফোরামের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। কাউন্সিলর নিয়ে জালিয়াতি ঠেকাতেই এবার নিরাপত্তাচিহ্ন-সংবলিত বিশেষ ফর্মে কাউন্সিলরদের নাম নেওয়া হয়েছে।
‘জালিয়াতি চেষ্টা’র কয়েকটি নমুনাও তিনি তুলে ধরেন সংবাদ সম্মেলনে। খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে এস এম মোর্ত্তজা রশিদী দারার চিঠিতে যেমন দেখা গেছে, চিঠিটি ১৮ সেপ্টেম্বরের হলে এতে খুলনা বিভাগীয় কমিশনার সই করেছেন গত ২৯ জুলাই। ‘ওরা কী করতে পারে, সে ব্যাপারে আমার আগাম ধারণা ছিল। সে জন্যই সিকিউরিটি সিলসংবলিত ফর্ম করা হয়েছে, যেন কেউ সেটা নকল করতে না পারে’—বলেছেন বিসিবি সভাপতি। প্রায় একই রকম অভিযোগ করেছেন জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ফুয়াদের বিপক্ষেও। এসব ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া উচিত মন্তব্য করে নাজমুল হাসান বলেছেন, ‘সাবের ভাইয়ের মতো লোক কেন তাঁদের পক্ষে কথা বলছেন, আমি বুঝতে পারছি না। তাঁর মতো একজন মানুষ জোচ্চুরির পক্ষে কেন কথা বলবেন!’
বিসিবির নির্বাচন নিয়ে মুখোমুখি অবস্থানে থাকলেও কাল সাবের চৌধুরী সম্পর্কে অনেক প্রশংসাবাক্যই ঝরেছে নাজমুল হাসানের কণ্ঠে, ‘সাবের ভাইয়ের সময় বাংলাদেশের ক্রিকেটে অনেক ভালো কাজ হয়েছে। তাঁর অভিজ্ঞতা ও জ্ঞানের প্রয়োজন আছে বাংলাদেশের ক্রিকেটে। আমি তাঁর প্রতিপক্ষ হতে চাই না।’ সাবের চৌধুরীকে একটি মহল ভুল বোঝাচ্ছে বলেও ধারণা তাঁর, ‘সাবের ভাই কিছু লোকের খপ্পরে পড়েছেন। তাঁর প্রতি অনুরোধ, উনি ওই গোষ্ঠীর খপ্পর থেকে বেরিয়ে আসুন। ক্রিকেটের উন্নতির জন্য যা যা করা দরকার আমরা করব। কিন্তু ওই গোষ্ঠীর সঙ্গে কখনোই আপস সম্ভব নয়।’
সাবের হোসেন চৌধুরী অবশ্য কারও ‘খপ্পরে’ পড়ার দাবি উড়িয়ে দিয়ে পাল্টা বলেছেন, ‘যাঁরা এ ধরনের মন্তব্য করেন, আমার সম্পর্কে তাঁদের স্পষ্ট ধারণা নেই। এটা ঠিক যে আমি সবার কথা শুনি, তবে যা করি নিজে বুঝে করি, নিজ দায়িত্বে করি। আমার তো মনে হয় তাঁরাই বিভিন্ন ব্যক্তির মাধ্যমে প্রভাবিত হয়ে এসব বলছেন।’
নির্বাচনী তফসিল অনুযায়ী আজ মনোনয়নপত্র দাখিলের দিন। নির্বাচনের নির্ধারিত তারিখ ১০ অক্টোবর। তবে সব ছাপিয়ে সবার মনোযোগ এখন আদালতের দিকে। বাংলাদেশের ক্রিকেট যে আবার সেখানেই ঘুরপাক খাচ্ছে।