আবার আবাহনীর কোচ আলী আকবর
গতবার যেভাবে ফিরে গিয়েছিলেন, মনেই হয়নি আলী আকবর পোরমুসলিমি আবার আবাহনীর কোচ হবেন। কিন্তু গত জুনে ঢাকা থেকে ফিরে যাওয়ার কিছুদিন পর নিজেই আবাহনীর সঙ্গে যোগাযোগ করেন। তাঁকে আবার স্বাগতই জানিয়েছে আকাশি-নীলের টিম ম্যানেজমেন্ট। তারই চূড়ান্ত ফল—৪-৫ দিনের মধ্যে আবার আবাহনীর কোচ হয়ে ঢাকা ফিরছেন ওই ইরানি কোচ।আবাহনীর সঙ্গে গতবার যাওয়ার সময় আর্থিক বিষয়টা নিয়ে অসন্তোষ ছিল আলী আকবরের। বিদেশি কোচ বা খেলোয়াড়ের সঙ্গে আবাহনীর আর্থিক লেনদেন নিয়ে কখনো অভিযোগ না উঠলেও আলী আকবর চুক্তি অনুযায়ী সম্মানী না পাওয়ার অভিযোগ করে যান। যদিও তখন আবাহনীর কর্মকর্তারা দাবি করেন, চুক্তি অনুযায়ী তো বটেই, বরং কোচকে আরও বেশি টাকাই দেওয়া হয়েছে। এই ঘটনাপ্রবাহে ধরে নেওয়ার যথেষ্ট কারণ ছিল, আবাহনীতে আর পা পড়বে না এএফসির এই কোচিং ইন্সট্রাক্টরের।কিন্তু পেশাদার জগতে শেষ কথা বলে কিছু নেই। কাল আবাহনীর অন্যতম পরিচালক কাজী নাবিল আহমেদের কথায় আবার প্রমাণ মিলল তার, ‘ঘন ঘন কোচ বদলের পক্ষে নই আমরা। তা ছাড়া আলী আকবর যা-ই বলে যান, আমরা সেটি ধরে বসে থাকিনি। এমন টুকটাক মনোমালিন্য হতেই পারে। তাঁর আগ্রহ দেখে আমরা কথা এগিয়ে নিই। এখন সবকিছু চূড়ান্ত। আকবর সাহেব সপ্তাহ খানেকের মধ্যেই চলে আসবেন। তিনি তো আমাদের ভালোভাবেই জানেন। কাজেই তাঁকে পেলে আবাহনীর জন্য ভালোই হবে।’আলী আকবর হবেন বাংলাদেশের ঘরোয়া ফুটবলে এ মৌসুমে তৃতীয় বিদেশি কোচ। মোহামেডান কোচ করে এনেছে ক্লাবের সাবেক নাইজেরিয়ান খেলোয়াড় এমেকা ইউজিগোকে, ব্রাদার্সে আবার এসেছেন ভারতের সৈয়দ নইমুদ্দিন।