আবার আলো দেখছেন সৌরভ
একবার উঁকি দিয়েও মিলিয়ে গিয়েছিল। আবার উঁকি দিচ্ছে সৌরভ গাঙ্গুলীর আইপিএলে খেলার আশা। সৌরভকে আশার আলো দেখাচ্ছে বিসিসিআইয়ের একটি চিঠি। চিঠিতে ক্রিকেট বোর্ড আইপিএল দলগুলোর কাছে জানতে চেয়েছে, নিলামে অবিক্রীত ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে কোনো দল চুক্তি করতে চাইলে কারও আপত্তি আছে কিনা। ওয়াসিম জাফর ও ভিআরবি সিংয়ের সঙ্গে চিঠিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে সৌরভের কথা। ৩ ফেব্রুয়ারির মধ্যে উত্তর দিতে বলা হয়েছে দলগুলোকে। পরদিন আইপিএলের গভর্নিং কাউন্সিলের সভায় হবে চূড়ান্ত সিদ্ধান্ত।আইপিএলের নিয়ম অনুযায়ী নিলামে অবিক্রীত কোনো ক্রিকেটারকে পরে নিতে পারবে না কোনো দলই। ৮ ও ৯ জানুয়ারির নিলামে সৌরভকে কেনেনি কোনো দল। তবে কদিন আগে শোনা যাচ্ছিল আইপিলের নতুন দল কোচি নিতে চায় সাবেক কলকাতা নাইট রাইডার্স অধিনায়ককে। ছড়িয়ে পড়েছিল এ জন্য নাকি তারা বিসিসিআইকে চিঠিও পাঠিয়েছে। যদিও দলের মালিকদের একজন মেহুল শাহ এসবকে গুজব বলে উড়িয়ে দেন। তবে বিসিসিআইয়ের এই চিঠির পর মনে হচ্ছে যা রটেছিল, তার কিছু সত্যি বটে! ওয়েবসাইট।