আবার আশাহত ফ্রান্স
২০১০ বিশ্বকাপ তাদের জন্য ছিল এক বিপর্যয়। এরপর লরাঁ ব্লাঁর আগমন মুক্তির মশাল হাতে। দলকে নতুন করে গড়ে তুলেছেন। একেকটি ইট সাজিয়ে সাফল্যের ভিতটাও গড়ে তুলছিল ফ্রান্স। টানা ২১ ম্যাচ অপরাজিত থেকে এসেছিল ইউরোতে। এর মধ্যে পরাক্রমশালী জার্মানিকে হারিয়েছে জার্মানিতে গিয়ে। প্রত্যাশার বদ্বুদ তৈরি হয়েছিল দলটিকে ঘিরে। কিন্তু বালুর সৌধ ভেসে গেল বাস্তবতার স্রোতের তোড়ে। ইউক্রেনের বিপক্ষে শুধু ২-০ গোলের একটা জয়ের সান্ত্বনা নিয়ে দেশে ফিরল ব্লাঁর দল।এক অর্থে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাওয়াও কম নয়। আর শেষ আটের এই পরাজয় তো বিশ্ব ও ইউরো চ্যাম্পিয়ন স্পেনের কাছে। কিন্তু ফ্রান্সের ভবিষ্যতে আলোর রেখা দেখছে না দেশটির সংবাদমাধ্যম। এই দলের সবচেয়ে বড় সংকট, অনুপ্রেরণাদায়ী কোনো নেতা নেই। যে ব্লাঁ নতুন পথের সন্ধান দিতে এসেছিলেন, সেই তিনিও নাকি চাকরি নিয়ে ভাবছেন। ফ্রান্সের শীর্ষ ক্রীড়া দৈনিক লেকিপ লিখেছে, ‘লা ব্লুজদের এই পরিণতি খুবই যৌক্তিক।’ ফ্রান্স ফুটবল-এর মন্তব্য, এই দল নিজেদের ওপরই বিশ্বাস রাখতে পারেনি; ফ্রান্স যে বাদ পড়ে যাবে এটা ‘আগেই নির্ধারিত ছিল’। ইংল্যান্ডের সঙ্গে ড্র দিয়ে শুরু। ইউক্রেনের সঙ্গে ভালো জয়, সুইডেনের কাছে হেরে শেষ আটে স্পেনের সামনে পড়া। পুরো ইউরোর সারাংশ করতে গিয়ে ফ্রান্স ফুটবল লিখেছে, ‘তিক্ত, হতাশাজনক, সর্বোপরি ভীষণভাবে ব্যর্থ।’ লা মুন্ড-এর, কথা, ‘লা ব্লুজ মাথা হেঁট করেই ইউরো থেকে বিদায় নিল।’ব্লাঁ এরই মধ্যে মূল সমস্যার জায়গাটি চিহ্নিত করেছেন। বলেছেন, ফ্রান্সের ঘরোয়া ফুটবল ভালো না হলে জাতীয় দলের কাছ থেকেও ভালো কিছু আশা করা যাবে না, ‘আমরা ভালো করেই জানি বড় বড় দলগুলো শক্তিশালী ক্লাবের ওপরই নির্ভর করে। যেটা আমাদের অনেক আগে ছিল। এমনকি ইংল্যান্ডেরও এমন অনেক খেলোয়াড় আছে যারা চেলসি বা ম্যানইউতে একসঙ্গে খেলে। আমাদের তা নেই। আমাদের ক্লাব ফুটবল এখন আর সে পর্যায়ে নেই, ভালো যে হবে তেমনটাও মনে হচ্ছে না।’তরুণ একটা দলকে সামনে পথ দেখানোর জন্য সে রকম খেলোয়াড়ও দলে নেই। সহকারী কোচ অ্যালাইন বোগোসিয়েঁ বলছেন, ‘মাঠে কেউই নেতা হিসেবে দাঁড়ায়নি। আপনি স্রেফ তুড়ি মেরে বলতে পারেন না, দেখা যাক কোনো নেতা আসে কিনা। কিংবা কারও দিকে আঙুল তুলে তাকে নেতা বানিয়ে দিতে পারেন না। নেতা উঠে আসবে স্বাভাবিকভাবে। সেটা না হলে অন্য পথ খুঁজতে হবে।’এই যখন অবস্থা, তখন মিশন অসমাপ্ত রেখেই ব্লাঁ নাকি ইংলিশ প্রিমিয়ার লিগের কোনো ক্লাবের দায়িত্ব নিতে চলেছেন! অথচ বিশ্বকাপ বাছাইপর্ব শুরু হতেও আর দেরি নেই। ফ্রান্সের আকাশে আবারও অন্ধকার কালো মেঘ। এএফপি, রয়টার্স।