আবার আসছেন লিয়ান্দ্রো নেগ্রে
গত ফেব্রুয়ারিতে ঢাকায় এসেই বাংলাদেশ হকি ফেডারেশনকে একটি নীল অ্যাস্ট্রো টার্ফ দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। আন্তর্জাতিক হকি ফেডারেশনের (এফআইএইচ) সভাপতি লিয়ান্দ্রো নেগ্রের প্রতিশ্রুত কৃত্রিম টার্ফ এরই মধ্যে ঢাকায় এসে পৌঁছেছে। এবার সেই টার্ফের ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন তাঁকে পাশে পাচ্ছে হকি ফেডারেশন। আগামীকাল রাতে তৃতীয়বারের মতো ঢাকায় আসবেন নেগ্রে। পরশু জাতীয় স্কুল হকির চূড়ান্ত পর্বের উদ্বোধনের পাশাপাশি টার্ফের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন তিনি।
নেগ্রে এবারের সফরে চার দিন ঢাকায় থাকবেন। এই সময় তাঁর দেখা করার কথা রয়েছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের সঙ্গে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের ফ্লাডলাইট স্থাপনের অগ্রগতির ব্যাপারে কথা বলতেই মূলত মন্ত্রীর সঙ্গে দেখা করার কথা তাঁর। হকি ফেডারেশন একজন দীর্ঘমেয়াদি বিদেশি কোচ খুঁজছে, সেই কোচ পেতেও ফেডারেশনকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
নেগ্রের পর ঢাকায় আসবেন এশিয়ান হকি ফেডারেশনের (এএইচএফ) সভাপতি মালয়েশিয়ার প্রিন্স আবদুল্লাহ। স্কুল হকির ফাইনালে প্রধান অতিথি থাকবেন তিনি। নেগ্রের মতো আবদুল্লাহও বাংলাদেশ হকি ফেডারেশনকে সাহায্য করতে চান। বিশ্ব হকি লিগের আগে জাতীয় দল যাতে মালয়েশিয়ায় গিয়ে প্রস্তুতি ম্যাচ খেলতে পারে সে ব্যাপারে মৌখিক প্রতিশ্রুতিও দিয়েছেন আবদুল্লাহ। হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ কাল সেটাই জানালেন, ‘আগামী জানুয়ারি মাসে বিশ্ব হকি লিগে খেলতে সিঙ্গাপুরে যাবে বাংলাদেশ। তবে যাওয়ার পথে মালয়েশিয়ায় এক সপ্তাহের জন্য যাত্রাবিরতি করবে জাতীয় দল। সেখানে মালয়েশিয়া জাতীয় ও জুনিয়র দলের সঙ্গে কমপক্ষে চারটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ করে দেবেন আবদুল্লাহ। এ ছাড়া বাংলাদেশ দলের মালয়েশিয়ায় আবাসন ও আতিথেয়তার সব খরচই দেবেন তিনি। এটা আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি।’