আবার ইতালিতে ম্যারাডোনা
মনের জোর থাকলে কোনো বাধাই বাধা নয়। কথাটা নতুন করে প্রমাণ করলেন ডিয়েগো ম্যারাডোনা। করসংক্রান্ত ঝামেলাকে অগ্রাহ্য করে আর্জেন্টাইন কিংবদন্তি পা রাখলেন ‘দ্বিতীয় বাড়ি’ ইতালিতে। এর মাধ্যমে তাঁর দীর্ঘদিনের ‘বিতর্কিত ইতালি নির্বাসন’ অধ্যায়ের সমাপ্তি হলো। গতকাল ইতালির স্থানীয় সময় বেলা একটায় রোম বিমানবন্দরে পা রাখেন ম্যারাডোনা। ক্যারিয়ারের সুবর্ণ সময়টা তিনি কাটিয়েছেন নাপোলিতে। ইতালির অখ্যাত ক্লাবটিকে বানিয়েছিলেন বিখ্যাত। নাপোলির ঘরে এখন পর্যন্ত যে দুটি স্কুদেত্তো, তা ম্যারাডোনা-জাদুতেই। নাপোলির সেই স্মৃতি সব সময়ই তাঁকে টানে। কিন্তু ২০০৫ সালে ইতালির কর বিভাগ দাবি করে বসে ম্যারাডোনার কাছে তাদের সুদসহ তিন কোটি ৭২ লাখ ইউরো কর বকেয়া। সম্ভাব্য গ্রেপ্তার এড়াতে তাই ইচ্ছা থাকা সত্ত্বেও আর ইতালিতে যাওয়া হয়নি। অবশেষে গত বছর কার্যবিধিতে ভুল আছে জানিয়ে আদালত নতুন করে তদন্তের নির্দেশ দেয়। এবারও ইতালির কর বিভাগের হাতে হেনস্তা হতে হবে কি না, সেটা বলবে সময়। তবে গতকাল বিমানবন্দরে পা রেখে উষ্ণ অভ্যর্থনাই পেয়েছেন আর্জেন্টিনার সাবেক কোচ। বিমানবন্দর থেকে নিজেই গাড়ি চালিয়ে নাপোলিতে যাওয়ার পথে কয়েক ডজন সমর্থক তাঁকে দেখে ‘ওয়েলকাম ব্যাক!’ বলে চিৎকার করে ওঠে। এএফপি।