আবার ইনজুরিতে রুনি!
ম্যাচ শেষে ছেলেকে কোলে নিয়ে মাঠের মাঝখানে এসেছিলেন ওয়েইন রুনি। বাবা রুনির মুখে ছিল নির্মল হাসি। কিন্তু রুনির সময়টা মোটেও হাসি-খুশিতে কাটছে না। গোটা ইংল্যান্ডকে দুশ্চিন্তায় ফেলে দিয়ে প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে কুঁচকির ইনজুরিটাকে একটু বাড়িয়ে ফেলেছেন দুর্দান্ত ফর্মে থাকা স্ট্রাইকার।বেড়ে যাওয়া ইনজুরির কারণে ৭৭ মিনিটে নিজেই আবেদন জানিয়ে মাঠ ছেড়েছেন। যদিও ম্যানইউ কোচ অ্যালেক্স ফার্গুসন যথারীতি বলছেন, ইনজুরি এমন বেশি কিছু নয়। এর অন্যথা হলে ইংলিশরা ফার্গুসনকে ক্ষমা করতে পারবে না। বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে কুঁচকির ইনজুরিতে পড়েছিলেন রুনি। সঙ্গে সঙ্গে ফার্গুসনই বলেছিলেন, দুই সপ্তাহের ভেতর মাঠে নামার সম্ভাবনা নেই তাঁর। কিন্তু বায়ার্নের বিপক্ষে ফিরতি ম্যাচে রুনিকে মাঠে নামালেন ফার্গুসন। আবার ইনজুরিতে পড়লেন রুনি!আবারও সবাইকে বিস্মিত করে স্টোক সিটির বিপক্ষে রুনিকে মাঠে নামালেন ফার্গুসন। আবারও ইতিহাসের পুনরাবৃত্তি। ফার্গুসন অবশ্য দুশ্চিন্তা করতে নিষেধ করেছেন, ‘মনে হয় না সিরিয়াস কিছু। ও ইংল্যান্ডের হয়ে খেলার জন্য ঠিক হয়ে যাবে।’আগামী ১ জুন ইংল্যান্ডের চূড়ান্ত দল ঘোষণা হবে। ইনজুরি থাকলেও রুনি হয়তো ফ্যাবিও ক্যাপেলোর চূড়ান্ত দলে থাকবেন। কিন্তু ২৪ মে মেক্সিকোর বিপক্ষে এবং ৩০ মে জাপানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তাঁকে পাওয়া যাবে কি না, তা নিয়ে সংশয় থাকছে।এএফপি, ওয়েবসাইট।