আবার ইনজুরির শঙ্কায় মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিওনেল মেসি
লিওনেল মেসি

মৌসুমের শুরুতেই সমর্থকদের মুখ কালো করে দেওয়ার মতো খবর এসেছে বার্সেলোনা থেকে। ইনজুরি আশঙ্কায় আছেন দলের প্রাণভোমরা লিওনেল মেসি। পায়ের সমস্যার কারণে গতকাল অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটেই মাঠ ছাড়তে হয়েছে তাঁকে। আজ পরীক্ষা-নিরীক্ষার পর জানা যাবে মেসির এই ইনজুরিটা কতখানি গুরুতর।

লা লিগার প্রথম ম্যাচে লাভেন্তেকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে শুরুটা দারুণভাবেই করেছে কাতালানরা। স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে একেবারেই স্বরূপে ছিলেন না মেসি। ম্যাচটা ১-১ গোলে ড্র হলেও তা বার্সেলোনার জন্য চিন্তার কারণ হয়েই এসেছে। দলগত পারফরম্যান্সের কথা বাদ দিলেও মেসির হ্যামস্ট্রিং ইনজুরি এই ম্যাচে নতুন করে মাথাচাড়া দেওয়াটাই কাতালানদের সবচেয়ে বেশি ভাবাচ্ছে। ইনজুরিটা সত্যিই গুরুতর কি না, সেটা জানা যাবে আজ কিছু পরীক্ষা-নিরীক্ষার পর। তবে মেসি-ভক্তরা অবশ্য আশা করছেন যে, গত মৌসুমের পুনরাবৃত্তি এবার আর হবে না।

খেলার মধ্যখানেই নিজের বাম হ্যামস্ট্রিংয়ে বারবার হাত বোলাচ্ছিলেন মেসি। হাত বোলাচ্ছিলেন, অসুবিধা হওয়ার কারণেই। মনোযোগে পুরোপুরিই হ্যামস্ট্রিংয়ে কেন্দ্রীভূত থাকায় নিজের খেলাটাও কাল ঠিকমতো খেলতে পারেননি মেসি। সতর্কতা হিসেবে ম্যাচের ৪৬ মিনিটেই তুলে নেওয়া হয় তাঁকে। খেলা চলার সময়ই বার্সেলোনার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল দুঃসংবাদটা, ‘বাম ঊরুতে সমস্যা অনুভব করায় সতর্কতা হিসেবে মেসিকে তুলে নেওয়া হয়েছে।’

গত মৌসুমের শেষে হাঁটুর ইনজুরির কারণে লা লিগার শেষ তিনটি ম্যাচ মাঠের বাইরেই থাকতে হয়েছিল মেসিকে। সেবার শিরোপা জয়টা আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় খুব বেশি সমস্যায় পড়তে হয়নি বার্সাকে। কিন্তু এখন এবারের মৌসুমের শুরুতেই মেসি ইনজুরিতে পড়লে সেটা কাতালানদের দুশ্চিন্তারই কারণ হবে। সূত্র: গোল ডটকম