আবার উড়লেন এনামুল

উদ্যাপনের ভঙ্গিটা চেনাই। এক হাতে হেলমেট, আরেক হাতে ব্যাট নিয়ে পাখা মেলে দেওয়া। ছুটে প্রায় অর্ধেক মাঠ ঘুরে আসা। বার কয়েক শূন্যে লাফানো। আর হেলমেটে চুমু দেওয়া বারবার। খুলনায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঠিক এভাবেই সেঞ্চুরি উদ্যাপন করেছিলেন মাত্র দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা এনামুল হক। উদ্যাপনে কাল শেখ আবু নাসের স্টেডিয়ামকে শেরেবাংলায় ফিরিয়ে আনলেন তরুণ ব্যাটসম্যান। কর ধরে হিসাব করলে ব্যবধান ১৫ মাসের। তবে এর মাঝে এনামুলের ক্যারিয়ারের উষালগ্নেই এত কিছু হয়ে গেছে যে ২০১২ সালের ডিসেম্বরকে মনে হচ্ছে যেন কোন সুদূর!
ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ওই সেঞ্চুরির পর তিন ইনিংসে করেছেন ৩৩, ১ ও ০। শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজেও তিন ম্যাচে পাননি ফিফটি। টেস্ট ক্যাপ পেয়েছেন। অভিষেক টেস্টের পরই টেস্ট দল থেকে বাদ। পরীক্ষার কারণে গত বছর যেতে পারেননি জিম্বাবুয়ে সফরে। ওয়ানডে দল থেকেও বাদ পড়লেন নিউজিল্যান্ড সিরিজে প্রথম ম্যাচে ১৩ রান করার পর। আবার শ্রীলঙ্কা সিরিজে ফিরে প্রথম ম্যাচে আউট ০ রানে। তামিম ইকবালের ঘাড়ের ব্যথা, তবু একাদশে রেখে দিল এনামুলকে। পরের দুই ম্যাচে ৪২ ও ২। ঘাড়ের ব্যথা নিয়ে তামিম গেলেন সিঙ্গাপুর, ফর্মে না থাকা এনামুল টিকে গেলেন এশীয় কাপের দলে। আর এশিয়া কাপ ফিরিয়ে আনল খুলনার সেই প্রত্যাশার এনামুলকে।
এমনিতে দলের আরও অনেকের মতো এশিয়া কাপের সঙ্গে অম্ল-মধুর স্মৃতি আছে তাঁরও। জাতীয় দলের ড্রেসিং রুমের সঙ্গে প্রথম পরিচয় গত এশিয়া কাপেই। সেবার ম্যাচ খেলা হয়নি একটিও। ফাইনাল ট্র্যাজেডির অশ্রু বিসর্জনের মিছিলে শামিল ছিলেন এনামুলও। এরপর ছোট্ট ক্যারিয়ারেই অনেক চড়াই-উতড়াই পেরিয়েছেন। এই এশিয়া কাপ ছিল তাঁর জন্য বড় এক চ্যালেঞ্জ। আরেকটি ব্যর্থতা দল থেকে নাম কেটে দিত আরেকবার। হয়তো এবার অনেক দিনের জন্য। সেই এনামুল এখন টুর্নামেন্টে দলের সর্বোচ্চ স্কোরার।
প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে করেছিলেন ৭৭। আফগানিস্তানের বিপক্ষে ১ রানে ফিরে যাবার পর কালকের দুর্দান্ত সেঞ্চুরি। শাহরিয়ার নাফীস (৪) ও তামিম ইকবালের (৪) পর একাধিক সেঞ্চুরি করা বাংলাদেশের প্রথম ওপেনার এনামুল। তবে দুটি সেঞ্চুরি করতে শাহরিয়ারের লেগেছিল ২৮ ইনিংস, তামিমের ৬০ আর এনামুলের মাত্র ১৪ ইনিংস।
দুই সেঞ্চুরির মধ্যে নিশ্চিত করেই এনামুল এগিয়ে রাখবেন কালকের ইনিংসটিই। প্রতিপক্ষের বোলিং এবার অনেক বেশি ভালো। আরেকটা বড় কারণ পারিপার্শ্বিকতা। মাঠের ভেতরে দুঃসময় আর বাইরের হাজারো বিতর্কে আবহটাই ছিল ভীষণ গুমোট। কাল শুরু থেকেই এনামুলের একেকটি স্ট্রোক আলোর রেখা হয়ে যেন কাটিয়ে দিচ্ছিল গুমোট ভাবটা। ইমরুলের সঙ্গে তাঁর ১৫০ রানের জুটিতে দল পেল দুঃসময়ে বুড়ো আঙুল দেখানো সাহস। এনামুল উড়লেন, কিন্তু উড়তে পারল না দল!