আবার এক মঞ্চে সেই ক্রিকেট-বীরেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯৭ আইসিসি ট্রফি জয় দিয়েই বাংলাদেশের ক্রিকেটে নতুন যুগের শুরু। ওই সাফল্যেই প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ। ১৯৯৯ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে জয় খুলে দিল টেস্ট আঙিনার দরজা। বলা যায়, ১৯৯৭ আইসিসি ট্রফির সিঁড়ি বেয়েই বাংলাদেশের ক্রিকেট আজকের অবস্থানে। নতুন ইতিহাসের নির্মাতা সেই বাংলাদেশ দলকে আজ আবার সংবর্ধনা দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই সংবর্ধনা অনুষ্ঠান হবে সন্ধ্যা সাতটায়, রাজধানীর রূপসী বাংলা হোটেলে।মালয়েশিয়ায় অনুষ্ঠিত ১৯৯৭ আইসিসি ট্রফিতে বাংলাদেশ দলে খেলোয়াড় ছিলেন ১৬ জন। কোচ ও ম্যানেজার হিসেবে ছিলেন গর্ডন গ্রিনিজ ও গাজী আশরাফ হোসেন। ফিজিও হিসেবে জাওয়াদ আহমেদ দলের সঙ্গী হলেও তিনি ছিলেন মূলত চিকিৎসক। দলের ১৯ জনের মধ্যে আজকের অনুষ্ঠানে ১৬ জনই উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী, ‘কোচ গর্ডন গ্রিনিজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ওই দিক থেকে সাড়া পাওয়া যায়নি। জাওয়াদ আহমেদ মারা গেছেন। আর খেলোয়াড়দের মধ্যে জাকির হোসেন বর্তমানে ইংল্যান্ডে। এই তিনজন ছাড়া বাকি সবাই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করছি।’আইসিসি ট্রফি জিতে ফেরার দিনই মানিক মিয়া এভিনিউয়ে ক্রিকেট দলকে গণসংবর্ধনা দেওয়া হয়েছিল। উপস্থিত ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বেশ কিছুদিন বয়ে গিয়েছিল সংবর্ধনার বন্যা। ‘ক্রিকেট-বীর’দের সেই কীর্তিকে আবার স্মরণ করা হচ্ছে আজ। আজকের সম্মাননা অনুষ্ঠানে দলের সবাইকে ৫ লাখ টাকা করে দেওয়া হবে। দেওয়া হবে একটি করে ক্রেস্টও।আইসিসি ট্রফিজয়ী দল: আকরাম খান (অধিনায়ক), আমিনুল ইসলাম (সহ-অধিনায়ক), মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, খালেদ মাসুদ, নাঈমুর রহমান, মোহাম্মদ রফিক, এনামুল হক (মনি), হাসিবুল হোসেন, সাইফুল ইসলাম, জাভেদ ওমর, জাহাঙ্গীর আলম, সানোয়ার হোসেন, জাকির হোসেন, খালেদ মাহমুদ, আনিসুর রহমান।