আবার এক সঙ্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোচিং কোর্সের একটা অংশ ছিল পাঁচ মিনিটের প্রেজেন্টেশন।্রহাবিবুল বাশার সেই প্রেজেন্টেশন দিতে গিয়ে প্রথমেই বললেন, ‘আমি একটু নার্ভাস। কারণ, আমার প্রেজেন্টেশন যদি খারাপ হয়, তাহলে আমার সঙ্গে আসা তিনজন দেশে গিয়ে প্রথমেই সেই খবরটা চারদিকে ছড়িয়ে দেবে।’ সবাই সেটা শুনে হো হো করে হেসে উঠলেন।হাবিবুল বাশারের সঙ্গের সেই তিনজন খালেদ মাসুদ, জাভেদ ওমর ও সানোয়ার হোসেন। তাঁরা গিয়েছিলেন মালয়েশিয়ায়, উদ্দেশ্য এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) আয়োজিত লেভেল-২ কোচিং কোর্স করা। ২০০৩ সালের পাকিস্তান সফরের পর এই চার সাবেক সতীর্থ আবার এক সঙ্গে বিদেশ সফরে—কোচিং কোর্সের বাইরের সময়টা মধুরই কাটার কথা সবার। বহু বছর পর একসঙ্গে কোথাও যাওয়ার আনন্দ তো ছিলই, ফিরে এসেছে পুরোনো অনেক মজার স্মৃতিও।ছয় দিনের কোর্স শেষ করে গত পরশু ভোরে দেশে ফিরেছেন হাবিবুল, মাসুদ ও সানোয়ার। জাভেদ গিয়েছিলেন স্ত্রী-সন্তান সঙ্গে নিয়ে। কোর্স শেষে আরও কয়েকটা দিন মালয়েশিয়ায় কাটিয়ে ফিরবেন তিনি। তবে হাবিবুল-মাসুদ-সানোয়াররা ফিরে এসেও বলছেন মালয়েশিয়ায় রেখে আসা জাভেদের কথাই।‘প্রতি রাতে আমাদের কাজ ছিল জাভেদের রুমে ফোন করে ওর ঘুমের ডিসটার্ব করা। খেলোয়াড়ি জীবনেও সফরে গেলে এটা করতাম। এবারও তা-ই করেছি। জাভেদের সঙ্গেই খোঁচাখুঁচিটা বেশি হয়েছে’—হাসতে হাসতে বলছিলেন একসময় জাভেদের অধিনায়ক হাবিবুল। তবে রাতে হোটেলে ফেরার আগে এ রকম মজা করার সুযোগ নাকি তাঁদের কমই হয়েছে, ‘খুব টাইট শিডিউল ছিল। সকাল আটটায় ক্লাশের জন্য বেরিয়ে রাত আটটায় হোটেলে ফিরতাম। সকালে ২০-২৫ মিনিটেই চলে যেতাম কুয়ালালামপুরের ন্যাশনাল স্পোর্টস ইনস্টিটিউটে। কিন্তু ট্রাফিক জ্যামের কারণে ফেরার সময় এক-দেড় ঘণ্টা লেগে যেত। ওখানের জ্যাম দেখে ঢাকার জ্যামকে এখন কিছুই মনে হচ্ছে না!’আপাতত কোচিংয়ে নামার কোনো ইচ্ছা না থাকলেও নির্বাচকের নতুন ভূমিকাতেও লেভেল-২ করাটা কাজে দেবে বলে বিশ্বাস হাবিবুলের, ‘আমার ধারণা এটা নির্বাচকের কাজেও আমাকে সাহায্য করবে। টেকনিক, প্ল্যানিং এসবের ওপর অনেক কিছু শিখেছি।’ মাসুদ আর সানোয়ারের অবশ্য ইচ্ছা আছে কোচিং পেশায় আসার। ‘ক্লাব ক্রিকেটে এখন খেলোয়াড় কাম কোচ হিসেবেই থাকছি আমি। সূর্যতরুণ ও মোহামেডানে কোচের ভূমিকায় ছিলাম। এ ছাড়া রাজশাহী বিভাগীয় দলেও অনেক সময় কোচকে সাহায্য করতে হয়। ভবিষ্যতে সুযোগ পেলে আরও বড় পর্যায়ে কাজ করতে চাই’—বলছিলেন মাসুদ। বিমানের চাকুরে এবং ক্রিকেটার সানোয়ার কোচিং পেশাটাও বিমানেই শুরু করতে চান, ‘বিমানের প্রতি আমার একটা দুর্বলতা আছে। ভবিষ্যতে যেহেতু এই পেশায় আসার ইচ্ছা আছে, ম্যানেজমেন্ট চাইলে আমি দায়িত্ব নিতে পারি।’মাসুদ-সানোয়ারদের পূর্বসুরি, বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল এখন এসিসির কোচ। অ্যালান ক্যাম্পবেল, রুমেশ রত্নায়েকে, ইকবাল সিকান্দারের সঙ্গে বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়কও বিশেষজ্ঞ প্রশিক্ষক হিসেবে ছিলেন হাবিবুলদের কোর্সে। কোচ আমিনুলকে কাছ থেকে দেখে এসে রীতিমতো অবাক মাসুদ, ‘বুলবুল ভাই যে এতটা এগিয়ে গেছেন, আমরা কল্পনাও করতে পারিনি। খেলোয়াড় হিসেবে তাঁকে জানতাম, এবার জানলাম কোচ হিসেবেও তিনি অসাধারণ। তাঁর প্রেজেন্টেশন খুবই চমৎকার।’ আর সানোয়ার তো বলেই ফেললেন, ‘অন্য যেকোনো আন্তর্জাতিক কোচের সঙ্গে এখন তাঁর তুলনা করা যায়।’বাংলাদেশ ছাড়া টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে শুধু শ্রীলঙ্কা থেকে আসা সুরেশ পেরিই অংশ নিয়েছেন এসিসির এবারের কোর্সে। বাকি সবাই আইসিসির বিভিন্ন সহযোগী দেশের। মাসুদের কাছে এটাও একটা ভিন্ন অভিজ্ঞতা, ‘কখনো ভাবিনি মালদ্বীপ, নেপাল, চীন বা কোরিয়ার কোনো কোচ আমার বন্ধু হবে। আমার কাছে এটাই বেশি মজা লেগেছে। ওসব দেশেও ভালো কোচ আছে! তাদের দেখে মনে পড়েছে, আমরাও একসময় ওই জায়গাটাতে ছিলাম।’আনন্দের এই সফরেও ছোট্ট একটা অতৃপ্তি আছে। এত দিন পর একসঙ্গে কোথাও যাওয়ার সুযোগ, যদি সঙ্গী পাওয়া যেত একসময়ের সতীর্থ আরও কয়েকজনকে। ‘অনেক দিন পর একটা ভালো সময় কাটালাম। ড্রেসিংরুম, দলের সঙ্গে ঘোরা—এসব খুব মিস করি। যাওয়ার সময় বিমানে ওঠার পর তাই বলাবলি করছিলাম, এই সুযোগে যদি পুরোনো আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে নেওয়া যেত! এমনও মনে হচ্ছে, আরও তিন-চারজনকে দাওয়াত দিয়ে সঙ্গে নিয়ে গেলেও হতো!’—আফসোসের সুরে বললেন খালেদ মাসুদ।