আবার এগিয়ে গেল আবাহনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি লিগে এর আগে একবার নিষিদ্ধ হয়েছিলেন এক ম্যাচ। সাব্বির রহমানকে কাল জরিমানা গুনতে হলো ১০ হাজার টাকা। গাজী ট্যাংকের এই অফ স্পিনারের সর্বশেষ শাস্তিটা হয়েছে মোহামেডানের পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিকের উদ্দেশে কটূক্তি করায়।বিভিন্ন সূত্রে জানা গেছে, বিকেএসপিতে শোয়েব মালিককে আউট করার পর প্যাভিলিয়নে বসে থাকা সানিয়া মির্জাকে জড়িয়ে সাব্বির কিছু একটা বলেন। ক্ষুব্ধ শোয়েব সাব্বিরের দিকে তেড়ে যান। দুই দলের মধ্যে সৃষ্ট উত্তেজনায় ম্যাচ কিছুক্ষণ বন্ধও থাকে। ম্যাচ রেফারির শুনানিতে হারলেও ম্যাচে সাব্বিরের দল গাজী ট্যাংক জিতেছে ৪ উইকেটে। বগুড়ায় আবাহনী একই ব্যবধানে জিতেছে সিসিএসের বিপক্ষে। রাজশাহীতে বিমান ১৫ রানে হারিয়েছে ওল্ড ডিওএইচএসকে।সুপার লিগের দ্বিতীয় রাউন্ডের পর মোহামেডানের চেয়ে আবারও ৩ পয়েন্টে এগিয়ে গেল আবাহনী। গাজী ট্যাংকও উঠে এল মোহামেডানের ওপরে। ১৩ ম্যাচে তিন দলের পয়েন্ট যথাক্রমে ২২, ২০ ও ১৯।মোহামেডানের ১৬১ রানের ইনিংসে সর্বোচ্চ ৪৩ এসেছে শোয়েব মালিকের ব্যাট থেকে। জবাবে গাজী ২৯ রানে ৪ উইকেট হারিয়ে ফেললেও নাসির, অলক ও সাব্বির দাঁড়িয়ে যাওয়ায় শেষ পর্যন্ত সহজ জয় পায়। বগুড়ায় মাত্র ৩ বল বাকি থাকতে সিসিএসকে হারিয়েছে আবাহনী। নার্ভাস নাইনটিজে আউট হয়েছেন আবাহনীর দুই ব্যাটসম্যান মার্শাল আইয়ুব (৯৪) ও রজত ভাটিয়া (৯৭)। রাজশাহীতে বিমানের জয়ে সবচেয়ে বড় অবদান জহুরুলের সেঞ্চুরির (১০২)।রেলিগেশন লিগে প্রাইম দোলেশ্বর (১৪৪/৩) ৭ উইকেটে হারিয়েছে বিকেএসপিকে (১৪৩)।