আবার এগিয়ে গেল ভারত
তৃতীয় ম্যাচে জিতে সিরিজে আবার এগিয়ে গেল (২-১-এ) ভারত। কাল ভারতের ৫ উইকেটের জয়টিও শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ে। নিজেদের মাটিতে ২৫০-এর বেশি স্কোর গড়ে টানা ২৮ ম্যাচ জয়ের পর এই প্রথম হারল শ্রীলঙ্কা।২০ রানে ৩ উইকেট হারানোর পরও সাঙ্গাকারা (৭৩)-জয়াবর্ধনের (৬৫) ১২১ ও ম্যাথুস (৭১*)-মেন্ডিসের (৪৫*) অবিচ্ছিন্ন ১০৪ রানের জুটি দুটিতে শ্রীলঙ্কা পায় ২৮৬/৫ রানের পুঁজি। গম্ভীরের সেঞ্চুরি এবং শেষে রায়না ও ইরফান পাঠানের অবিচ্ছিন্ন ৯২ রানের জুটিতে দুই বল বাকি থাকতেই জয় পায় ভারত।শেবাগ শুরুতে ফিরে গেলেও কোহলি ও ধোনির সঙ্গে গম্ভীরের ১০৫ ও ৬৭ রানের জুটি দুটি জয়ের পথে রাখে ভারতকে। কিন্তু ১৬ রানের মধ্যে ধোনি (৩১), রোহিত (০) ও গম্ভীরের (১০২) বিদায়ে চাপে পড়ে ভারত। পরে রায়না (৬৫*)-পাঠানের (৩৪*) ৬৭ বলে ৯২ রানের জুটি। ম্যাচ সেরা গম্ভীর। ওয়েবসাইট।