আবার এনএসসির প্রতিভা অন্বেষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আবার প্রতিভা খুঁজে বের করতে যাচ্ছে।ক্রীড়া পরিষদ সচিব শফিক আনোয়ার কাল জানালেন এই উদ্যোগের কথা, ‘এনএসসির নিজম্ব তহবিল থেকে এবার খেলোয়াড় খুঁজে বের করে প্রশিক্ষণ দেওয়ার জন্য ১ কোটি টাকা রাখা আছে। ১৭টি খেলা আপাতত বাছাই করা হয়েছে। ২৫ জুলাই সভায় চূড়ান্ত হবে।’প্রতিভা খোঁজার প্রসঙ্গ এলেই পেছনের তিক্ত অভিজ্ঞতা উঠে আসে। অতীতে ক্রীড়া পরিষদের প্রতিভা অন্বেষণের নামে কোটি কোটি টাকা অপচয় (কারও কারও পকেট ভারী) হয়েছে বলে ক্রীড়াঙ্গনে সাধারণ ধারণা। বছর ছয়েক আগে ছয়টি খেলাকে বিশেষ প্রাধান্য দিতে ৩ কোটি টাকা খরচ করা হয়েছিল। ওই টাকার বড় অংশই অপচয় হয়েছিল বলে অভিযোগ ক্রীড়াসংশ্লিষ্ট মানুষের।এবার কীভাবে প্রশিক্ষণ কর্মসূচি এগিয়ে নেওয়া হবে? এনএসসির সচিব জানালেন, ‘জেলা পর্যায়ে তিন দিন বাছাই হবে। তারপর ২৭ দিন অনুশীলন ক্যাম্প। পরিষদের ৩৭ জন কোচ আছেন। তাঁরাই প্রশিক্ষণ দেবেন। প্রতি জেলা থেকে দুজন করে বাছাই করে বিভাগে নেওয়া হবে। বাছাই করা ওই খেলোয়াড়দের আনা হবে ঢাকায়। এই খেলোয়াড়দের ফেডারেশনের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা আছে।’ফেডারেশনের হাতেই অনেক প্রতিভা আছে। তাদেরই ঠিকভাবে প্রশিক্ষণ দিতে পারে না ফেডারেশন। এ অবস্থায় এনএসসির বাছাই করা খেলোয়াড়দের ফেডারেশন প্রশিক্ষণ দেবে—এই চিন্তা কতটা যৌক্তিক? সচিবের উত্তর, ‘আপাতত এক কোটি টাকা বাজেট দিয়ে খেলোয়াড় বাছাই করা হবে। তবে প্রয়োজনে এনএসসি দীর্ঘ মেয়াদে প্রশিক্ষণের ব্যবস্থা নিতে পারে।বাছাই করা ১৭টি খেলার মধ্যে শ্যুটিং নেই, আছে ক্রিকেট। দেশের ক্রিকেট নিশ্চয়ই এমন অবস্থায় যায়নি যে, এনএসসিকে প্রতিভা খুঁজে দিতে হবে! সচিব বললেন, ‘প্রাথমিক তালিকায় কাটাছেঁড়া হতে পারে। এটা চূড়ান্ত নয়।’বাকি ১৬টি খেলা—ফুটবল, হকি, অ্যাথলেটিকস, সাঁতার, ভলিবল, কারাতে, জুডো, জিমন্যাস্টিকস, কাবাডি, টিটি, হ্যান্ডবল, ভারোত্তোলন, সাইক্লিং, বাস্কেটবল, টেনিস, দাবা।