আবার এভরা-সুয়ারেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সেলোনা, এসি মিলান, চেলসি, আর্সেনাল, টটেনহামের মতো বড় দলগুলো নামছে মাঠে। কিন্তু সবার চোখ থাকবে ওল্ড ট্রাফোর্ডে। আরও নির্দিষ্ট করে বললে, লুইস সুয়ারেজ আর প্যাট্রিস এভরার দিকে। গত অক্টোবরের সেই ঘটনার পর আজই প্রথম মুখোমুখি হচ্ছেন লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেডের দুই খেলোয়াড়।গত ১৫ অক্টোবর ১-১ ড্র হওয়া লিভারপুল-ম্যানইউ ম্যাচে এভরাকে বর্ণবাদী গালি দেওয়ার অভিযোগে সুয়ারেজ নিষিদ্ধ হন আট ম্যাচের জন্য। নিষেধাজ্ঞা কাটিয়ে টটেনহামের বিপক্ষে গত ম্যাচ দিয়েই মাঠে ফিরেছেন লিভারপুলের উরুগুইয়ান তারকা। ওল্ড ট্রাফোর্ডে আজ মুখোমুখি লড়াইয়ে সুয়ারেজ-এভরা কী করেন, কৌতূহলের কেন্দ্রে সেটাই।কৌতূহলটা আরও বাড়িয়ে দিয়েছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) সিদ্ধান্ত। যদি রেঞ্জার্সের খেলোয়াড়েরা টেরির সঙ্গে হাত না মেলান, এই আশঙ্কায় সেদিন চেলসি-কিউপিআরের ম্যাচের আগে দুই দলের খেলোয়াড়দের করমর্দন পর্বটিই বাতিল করে দেয় এফএ। কিন্তু এফএ এবার চাইছে সুয়ারেজ-এভরারা যেন হাত মেলান। মনের কালিমা মুছে ফেলে সুয়ারেজ-এভরা এফএর আহ্বানে সাড়া দেবেন?লিভারপুল-ম্যানইউ দুই শিবিরই আশাবাদী এফএর চাওয়া পূরণ হবে, এভরা-সুয়ারেজ হাত মেলাবেন। লিভারপুল কোচ কেনি ডালগ্লিস তো শাস্তি ভোগ করে আসা সুয়ারেজকে দিয়ে হাত মেলানোর অনুশীলন করিয়েই রেখেছেন! ডালগ্লিসের কথা, ‘মানুষ এরই মধ্যে নানা অনুমান করে চলেছে। কিন্তু লুইসের বিষয়টি নিয়ে আমরা তার সঙ্গে কথা বলেছি। আমি জানি, সে ম্যানইউর অন্য খেলোয়াড়দের মতো প্যাট্রিস এভরার সঙ্গেও হাত মেলাবে।’ইংল্যান্ডের সবচেয়ে সফল দুই দল হিসেবে ম্যানইউ-লিভারপুলের দ্বৈরথটা এমনিতেই পায় অন্য মাত্রা। সুয়ারেজ-এভরার ঘটনা উত্তেজনা বাড়িয়েছে আরও। আজকের ম্যাচটি আবার ম্যানইউর প্রতিশোধ নেওয়ারও সুযোগ। সেদিন অ্যানফিল্ডে লিভারপুল ২-১ গোলে হারিয়ে এফএ কাপ থেকে ছিটকে দিয়েছে অ্যালেক্স ফার্গুসনের দলকে। জিতলে নগরপ্রতিদ্বন্দ্বী ম্যান সিটিকে টপকে ক্ষণিকের জন্য উঠে যাবে পয়েন্ট তালিকার শীর্ষেও।দলের মালিক রোমান আভ্রামোভিচের পর্যবেক্ষণে থাকলেও চেলসি কোচ আন্দ্রে ভিলাস-বোয়াস নিরুদ্বেগ। পয়েন্ট তালিকায় চার নম্বর স্থানটি ধরে রাখার আশায় চেলসি যাচ্ছে এভারটনের মাঠে। আর্সেনাল যাচ্ছে সান্ডারল্যান্ডে।এদিকে কোপা ডেল রের ফাইনালে ওঠার উৎসবটা আরও রাঙানোর সুযোগ বার্সেলোনার। লিগে আজ তাদের প্রতিপক্ষ ওসাসুনা। জিতলে একদিনের জন্য হলেও রিয়াল মাদ্রিদের সঙ্গে ৭ পয়েন্টের ব্যবধানটা ৪-এ আনতে পারবে পেপ গার্দিওলার দল। যদিও আজ তাদের যেতে হচ্ছে ওসাসুনার মাঠে। এ মৌসুমে এমনিতেই প্রতিপক্ষের মাঠে অনুজ্জ্বল বার্সেলোনা। ১০ ম্যাচ খেলে প্রতিপক্ষের মাঠে জয় তাদের মাত্র চারটি। চতুর্থ স্থানে থাকা লেভান্তের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ম্যাচ আগামীকাল।ইতালিতে মিলানের আজ উদিনেসে পরীক্ষা। কঠিন এই লড়াইয়ে মাসিমিলিয়ানো অ্যালেগ্রির দলকে আবার নামতে হচ্ছে দলের সেরা স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচকে ছাড়াই। আগের ম্যাচে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে চড় মেরে তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন সুইডিশ স্ট্রাইকার। এএফপি।