আবার এল সেই সময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবার এল সাদা পোশাক ভাঁজ করে রেখে দেওয়ার সময়। লাল বল মুছে কফিনে তুলে রাখার সময়। ক্রিকেট আপাতত কেবলই রঙিন, সাদা থাকবে কেবল বলটাই। সামনে প্রিমিয়ার লিগ, বিপিএল—কত কী! আসুন, আমরা সফেদ ক্রিকেটকে ভুলে যাই।বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগামী মাস চারেকের জন্য এটাকেই বানিয়ে ফেলতে পারে স্লোগান। জাতীয় লিগের দু-চারটি ম্যাচ হয়তো বাকি, নইলে এপ্রিলে সম্ভাব্য পাকিস্তান সফরের আগে আর তো দীর্ঘ পরিসরের ক্রিকেট খেলবে না বাংলাদেশ দল! এই সময়ে ঢাকার মাঠে অত্যাধুনিক ‘রক অ্যান্ড রোল’ ক্রিকেট হবে। আসল ক্রিকেটকে ভুলে থাকার এই তো সময়!সাধারণ ধারণা, এই ভুলে থাকার মানসিকতার কারণেই এক পা এগিয়ে দুই পা পেছায় বাংলাদেশের ক্রিকেট। এ দেশে আজ পর্যন্ত প্রথম শ্রেণীর ক্রিকেটের শক্তিশালী কাঠামো দাঁড়াল না তো এই ভুলে যাওয়ার দোষেই! ‘প্রথম শ্রেণীর ক্রিকেটকে জাগাতে হবে’ স্লোগানটা ক্রিকেট নীতিনির্ধারকদের মুখে ‘বঙ্গোপসাগরের ওপর সেতু বানিয়ে দেব’ ধরনের রাজনৈতিক গলাবাজির পর্যায়ে চলে গেছে। প্রথম শ্রেণীর ক্রিকেট জাগে না। প্রতিটি টেস্ট সিরিজের পরই কেবল কর্মকর্তাদের মনে হয় (নাকি মুখের কথা!), এটাকে জাগানো উচিত।বাংলাদেশে এই সময়টা ঘুরেফিরেই আসে, যখন একটা টেস্ট সিরিজ শেষে আরেকটা টেস্ট সিরিজের আগে অফুরন্ত অবসর। এমন নয় যে, ওই সময়ে ক্রিকেটাররা জাতীয় লিগ খেলে। কোনো একটা আন্তর্জাতিক সিরিজের ডামাডোলের মধ্যেই হয়ে যায় সেটা। ধৈর্য আর মানসিকতার সঙ্গে সময়ের দূরত্ব কখনো কখনো দীর্ঘ পরিসরের ক্রিকেটের অ, আ, ক, খ-ও খেয়ে নেয়। ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলে খেলে মরচে ধরে দীর্ঘ পরিসরের ক্রিকেটের খেলার মানসিকতায়। আবার যখন আরেকটা টেস্ট সিরিজ আসে, শুরু হয়ে যায় হিসাব—কত দিন পর টেস্ট খেলতে নামছে যেন দলটা?পারফরম্যান্স যা হওয়ার, তা-ই হয়। ধৈর্যহারা একেকজন ব্যাটসম্যান সামর্থ্যের সবটুকু ঢেলে দিয়েও টেস্টের ব্যাটিংটা মানসপটে ভাসিয়ে তুলতে পারেন না। ফিল্ডারদের হাত পিছলাতে শুরু করে। বোলারদের জোর কমে আসে। সংবাদ সম্মেলনে অবধারিত প্রশ্ন ওঠে, ‘প্রথম শ্রেণীর ক্রিকেট না খেলাটাই কি কারণ?’ টক শো গরম হয়। বোর্ডের কর্মকর্তারা বলতে থাকেন, ‘প্রথম শ্রেণীর ক্রিকেটকে জাগাতে হবে। আমরা পরিকল্পনা হাতে নিচ্ছি...।’এবারের ঢাকা টেস্টের মতো সিরিজের শেষ টেস্টটা হয়তো একটু ভালো খেলে বাংলাদেশ। ভালো খেলে মানে সিরিজ শুরুর আগে কিছু প্রস্তুতি ম্যাচ আর সিরিজের শুরুতে এক-আধটা টেস্ট খেলে একটু ধাতস্থ হয় আর কি। এরপর যখনই খেলায় টেস্টের আসল মেজাজটা আসতে শুরু করে, তখনই শেষ হয়ে যায় সিরিজ। আবারও শুরু হয় দীর্ঘ পরিসরের ক্রিকেটবিহীন জীবনের বৃত্তে ঢুকে পড়ে আরেকটি টেস্টের জন্য অপেক্ষা।এর কি সমাধান নেই? আছে। আছে বলেই মাঝেমধ্যে ‘প্রথম শ্রেণীর ক্রিকেটকে জাগাতে হবে’ বলে জেগে ওঠার ভান করেন ক্রিকেট প্রশাসকেরা। কিন্তু ওই পর্যন্তই। ঘরোয়া ক্রিকেটের পরের বর্ষপঞ্জিতেও দেখবেন, জাতীয় দলের খেলোয়াড়দের খেলার পথ বন্ধ করে কোনো একটা আন্তর্জাতিক সিরিজের ফাঁকে ঢুকে পড়েছে প্রথম শ্রেণীর ক্রিকেট। এ নিয়ে কথা বলতে গেলে বিসিবি কর্মকর্তারা ভবিষ্যতের দিকে তাকিয়ে নানা আশার কথা শোনাতে থাকবেন। এবার যেমন ঢাকা টেস্টের চতুর্থ দিন শেষে ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান এনায়েত হোসেন শোনালেন, ‘রঞ্জি ট্রফির আগে ভারতে একটা প্রস্তুতিমূলক টুর্নামেন্ট হয়, চার দিনের ম্যাচের। আগামী বছর ওই টুর্নামেন্টে আমাদের একটা দল খেলানোর আলোচনা চলছে। ইংল্যান্ড লায়ন্স আসবে। ছেলেরা যেন বেশি বেশি চার দিনের ম্যাচ খেলতে পারে, সে ব্যাপারে আরও কিছু করা যায় কি না, সেটাও ভাবছি।’ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক প্রথম শ্রেণীর ক্রিকেটের আসর হয়তো সে রকমই একটা পরিকল্পনা। তবে পরিকল্পনাটা এখন পর্যন্ত বোর্ড সভাপতি আ হ ম মুস্তফা কামালের দেওয়া প্রতিশ্রুতির মধ্যে আটকে আছে। এ রকম কোনো পরিকল্পনা থাকলে বিপিএল টি-টোয়েন্টির আগে কি সেটার আয়োজনই হওয়া উচিত ছিল না? দীর্ঘ পরিসরের ক্রিকেটে অভ্যস্ততা বাড়ানোর বিকল্প নেই—এটা বুঝে তাহলে আর লাভ কী!বোর্ডের ব্যর্থতা যা-ই থাকুক, দায় খেলোয়াড়দেরই নিতে হয়। পাকিস্তান সিরিজের পর অধিনায়ক মুশফিকুর রহিম তাই আগবাড়িয়েই বললেন, ‘সামনে প্রিমিয়ার লিগ আছে, বিপিএল আছে। আমরা যদি এর মধ্যেই কয়েকটা চার দিনের ম্যাচ খেলতে পারতাম...। বোর্ড বা ম্যানেজমেন্ট সেটা ব্যবস্থা করে দিতে পারলে খুব ভালো হবে। যে খেলাটা আমরা খেলি, সেটার সঙ্গে পরিচয় না থাকলে খুব কঠিন হয়ে পড়ে কাজটা।’মুশফিক নিশ্চিত থাকতে পারেন, কিছু প্রতিশ্রুতি তিনি পাবেন। প্রতিশ্রুতি পূরণ হবে, সে নিশ্চয়তা অবশ্য নেই।