আবার ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে সাকিব
এ বছরের শুরুতে পাকিস্তানের মোহাম্মদ হাফিজের কাছে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা হারিয়েছিলেন সাকিব আল হাসান। তবে আইসিসির নতুন র্যাঙ্কিংয়ে আবারও নিজের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করতে পেরেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। ৪২২ পয়েন্ট নিয়ে এখন ওয়ানডের অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন সাকিব। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছেন মোহাম্মদ হাফিজ ও শেন ওয়াটসন।ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা ফিরে পাওয়ার পেছনে অবশ্য সাকিবের পারফরমেন্সের খুব বেশি অবদান নেই। গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে পারেননি সাকিব। শ্রীলঙ্কা সফরেও তিনি মাঠের বাইরে আছেন ইনজুরির কারণে। তারপরও র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে আসার পেছনে মূল অবদানটা মোহাম্মদ হাফিজের ব্যর্থতা। সদ্য শেষ হওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের পাঁচ ম্যাচে ২৩.৬ গড়ে ১১৮ রান এসেছে হাফিজের ব্যাট থেকে। বল হাতেও সফলতা পাননি হাফিজ। শিকার করেছেন মাত্র চারটি উইকেট। এখন নিজের পারফরমেন্স দিয়ে সাকিব এই শীর্ষস্থানটা ধরে রাখতে পারবেন কিনা সেটাই দেখার বিষয়।— ক্রিকইনফো, আইসিসি।