আবার কেপির জরিমানা
টুইটার আবারও পয়সা খসাল কেভিন পিটারসেনের পকেট থেকে। এর আগে একবার বোর্ডকে জরিমানা দিতে হয়েছিল দল থেকে বাদ পড়ে টুইটারে বাজে মন্তব্য করায়। এবার জরিমানা দিতে হলো সাবেক ইংল্যান্ড ওপেনার নিক নাইটকে টুইটারে ব্যক্তিগত আক্রমণ করায়। আগেরবারের মতো এবারও অবশ্য জরিমানার অঙ্কটা প্রকাশ করা হয়নি।সম্প্রতি পিটারসেন টুইট করেন, ‘দয়া করে কেউ কি আমাকে বলতে পারবেন, নিক নাইট কীভাবে টেস্ট ক্রিকেটের ধারাভাষ্যকক্ষে ঢুকে গেল?? আজব!’ স্বাভাবিকভাবেই ব্যাপক আলোড়ন তোলে পিটারসেনের এই টুইট। কেন্দ্রীয় চুক্তির শর্তভঙ্গের দায়ে পিটারসেনকে অভিযুক্ত করে ইসিবি। শুনানির পর জানানো হয় জরিমানার কথা। শুনানিতে ছিলেন বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক হিউ মরিস ও টিম ডিরেক্টর অ্যান্ডি ফ্লাওয়ার।১৭ টেস্ট ও ১০০ ওয়ানডে খেলা নাইটের প্রতি পিটারসেনের ক্ষোভের কারণটা পরিষ্কার নয়। তবে পিটারসেনের যখন বাজে ফর্ম চলছে, নাইট তখন একবার বলেছিলেন ওয়ানডে দলে পিটারসেনের জায়গা প্রাপ্য নয়। ধারণা করা হচ্ছে, ওই ক্ষোভই ঝেড়েছেন পিটারসেন। মিডিয়ার কারও বিরুদ্ধে মন্তব্যের কারণে জরিমানা শুধু বিরলই নয়, এর আগে হয়েছে কি না সন্দেহ। নাইট স্কাই স্পোর্টসের চুক্তিবদ্ধ ধারাভাষ্যকার বলেই হয়তো এতটা কঠোর হয়েছে ইসিবি। গত জানুয়ারিতে স্কাইয়ের সঙ্গে ২৮০ মিলিয়ন পাউন্ডের নতুন চুক্তি হয়েছে ইসিবির। বোর্ডের আয়ের মূল উৎস এটাই! ওয়েবসাইট।